'এইখানে রাজনীতি চাই না, আর কোনো হত্যাও চাই না'
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত মঙ্গলবার ছাত্রলীগের এক পক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র কাজী হাবিবুর রহমান নিহত হয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় টানা দুই দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার খুলেছে। দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
‘এইখানে রাজনীতি চাই না, আর কোনো হত্যাও চাই না’ লেখা ফেস্টুন প্রদর্শন করা হয় মানববন্ধনে। এতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাসসহ শিক্ষকেরা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। উপাচার্য তাঁর বক্তৃতায় ‘এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি চলবে না’ ঘোষণা দিয়ে বলেন, ‘ক্যাম্পাসে পরিচয়পত্রধারী শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের প্রবেশ বন্ধ করা হবে। এতে কোনো ছাত্রসংগঠন বাধা দিলে কঠোর হাতে তা দমন করা হবে।’ এ ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান উপাচার্য কাজী হাবিবুর রহমান। এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী হাবিব মঙ্গলবার ছাত্রলীগের এক পক্ষের হামলায় আহত হলে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় গত বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন বন্ধ থাকে।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় বুধবার একটি হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ১০ শিক্ষার্থী, ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে ইউনিভার্সিটির জরুরি সিন্ডিকেট বৈঠকে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।