'এইডস নিয়ে কাজ করা শেষ হয়নি'
জাতিসংঘের এইডস-বিষয়ক প্রতিষ্ঠান ইউএনএইডসের প্রতিনিধি সলিল পানাকাডান বলেছেন, এইচআইভি ও এইডস প্রতিরোধে অনেক সাফল্য অর্জিত হয়েছে। কিন্তু এই সাফল্য পৃথিবীর সব অঞ্চলে সমানভাবে আসেনি। যে সাফল্য অর্জিত হয়েছে তাতে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। এইডস নিয়ে কাজ করা এখনো শেষ হয়নি।
আজ সোমবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এইডস-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইক্যাব ১২-এর সমাপনী অধিবেশনে সলিল পানাকাডান এ কথা বলেন। ঢাকা ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন আজ শেষ হয়েছে।
সমাপনী অধিবেশনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এইডস বেশি পুরোনো রোগ নয়। মাত্র তিন দশকের পুরোনো রোগ এটি। ২০৩০ সালের মধ্যে এই রোগ নির্মূলের কথা বলা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে, ৫০ বছরের মধ্যে একটি রোগ নির্মূল করতে পারছি। তিনি আরও বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে এ দেশে প্রথম রোগ শনাক্ত হওয়ার পরপর এর বিস্তার রোধে আমরা কার্যকর উদ্যোগ নিই। এর বিস্তার রোধে অনেকটাই সক্ষম হয়েছি।’
এই সম্মেলনে বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ৫৬টি দেশের প্রায় আড়াই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
গত শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা এইচআইভি/এইডস প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ঢাকা ঘোষণা গ্রহণ করেছেন। আজ সমাপনী অধিবেশনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক ঢাকা ঘোষণা পাঠ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার প্রমুখ।