‘এইডা আমাগো এলাকার অভিশাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, এই সড়কের কথা আর জিগায়েন না। এইডা আমাগো এলাকার অভিশাপ। নির্বাচন আহোক, দেখবেন সড়ক ঠিক করানের লোকের অভাব নাই। নির্বাচন হইয়া গেলে আর কাউরে খোইজাও পাইবেন না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন গাজীপুর পৌরসভার বাঘাম্বর এলাকার বাসিন্দা আবদুল আওয়াল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর পৌরসভার কোনাবাড়ী থেকে আমবাগ হয়ে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার। সড়কটির কোনাবাড়ী থেকে আমবাগ পর্যন্ত দুই কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। তার ওপর গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটির দশা আরও বেহাল হয়েছে।এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যান চলাচল করে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ওই রাস্তার কোনাবাড়ী ও আমবাগ এলাকায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়। রাস্তার পাশে নর্দমা না থাকায় পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। এর ফলে পানি রাস্তার ওপর জমে থাকে এবং ধীরে ধীরে রাস্তার কার্পেটিং উঠে যায়। এবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপোযোগী হয়ে পড়েছে। গাজীপুর পৌরসভা সূত্র জানায়, কোনাবাড়ী-আমবাগ সড়কটি আগে গাজীপুর এলজিইডির অধীনে ছিল। তারা বিভিন্ন সময় রাস্তাটির সংস্কারকাজ করলেও অল্প দিনেই তা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। সম্প্রতি ওই সড়কটির ৬৭৫ মিটার অংশে আরসিসি ঢালাইকাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজও শুরু করেছে। এ কাজে ব্যয় করা হচ্ছে এক কোটি ৩২ লাখ টাকা। কিন্তু এলাকাবাসীর দাবি, রাস্তাটির আরও কমপক্ষে এক কিলোমিটার পর্যন্ত আরসিসি করা হোক।আমবাগ এলাকার ইলেকট্রো মিডিয়ার মালিক মনিরুজ্জামান মণি বলেন, রাস্তাটির জন্য দীর্ঘদিন ধরে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। আধা কিলোমিটার আরসিসি রাস্তা করা হলেও মানুষ ভোগান্তি থেকে কিছুটা মুক্তি পাবে। গাজীপুর পৌরসভার আমবাগ ১৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটা নিয়ে আমাগো এমপি সাহেবরে বহুবার কয়ছি। কিন্তু কোনো কাম অয় নাই। এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাচল করে কিন্তু রাস্তাডার কোনো উন্নতি অয়লা না।’ গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম প্রথম আলোকে বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটির কিছু অংশে আরসিসি করার কাজ শুরু করা হয়েছে। পরবর্তী সময় পুরো রাস্তার কাজ করা হবে।