‘রাজার ভোটের সময় (৫ জানুয়ারির সংসদ নির্বাচন) ভয় দ্যাখাইল। এইবার সেইরাম ঝামিলা হইনি। ঝামিলা হলিও ভোট দেব।’
কথাগুলো যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ষাটোর্ধ্ব ভোটার হরিদাসীর। তিনি গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ৭৪ নম্বর দক্ষিণ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার আগে এ কথা বলেন। তাঁর মতো উল্লাস নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন আরও অনেক নারী।
এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে প্রথম আলোর প্রতিনিধিরা ২৫টির মতো কেন্দ্র ঘুরেছেন। এর বেশির ভাগ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অথচ ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনিরামপুরজুড়ে ছিল আতঙ্ক।
গতকাল বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মনিরামপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিরাপত্তার অভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রায় একই সময় মাছনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেনের সর্মথকেরা একটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফ হোসেন জানান, এ কারণে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মশিউর রহমানের অভিযোগ, ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে ৭০টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শরীফ নজরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী তাঁর কাছে পাঁচটি কেন্দ্রে অনিয়ম সম্পর্কে বলেন। প্রশাসন তাৎক্ষণিভাবে সেসব কেন্দ্রে খোঁজ নিয়ে তাঁর অভিযোগের সত্যতা পায়নি।
জামায়াত-সমর্থিত প্রার্থী গাজী এনামুল হক দাবি করেন, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছাড়া সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।