'এইভাবে চললে আমরা বাঁচমু ক্যামনে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত মাসে আমার বউ একটা এনজিও থাইক্যা তিন হাজার টাকা লোন করছিল। তাই দিয়াই হরতাল-অবরোধের মধ্যে এই কয়দিন চলছি। এই মাসের প্রায় অর্ধেক সময় অবরোধ থাকায় ঢাকা থাইক্যা রড-সিমেন্টের ট্রাক আসে নাই। তাই আমগরও কোনো কামাই হয় নাই। অহন আইজ থাইক্যা আবার তিন দিনের অবরোধ দিছে। আবার ট্রাক আইবো না, আমগর কোনো কামাইও হইব না। এইভাবে চললে আমরা বাঁচমু ক্যামনে?’

১৮-দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার দুপুরে এভাবেই ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলছিলেন দিনমজুর মো. আবুল কালাম (৪০)। তিনি শেরপুর জেলা শহরের মুন্সি বাজারের একটি রড-সিমেন্টের দোকানে শ্রমিকের কাজ করেন। কালাম প্রথম আলো ডটকমকে জানালেন, সারা দিন কাজ করে মালিক যে মজুরি দেন তা দিয়েই কোনোমতে চারজনের সংসার চালান তিনি। স্বাভাবিক দিনগুলোতে ২০০ থেকে ৩০০ টাকা মজুরি পেলেও আজ কোনো মজুরি পাননি।

সকালে শেরপুর স্টেডিয়ামের পাশে সবজির পাইকারি বাজারে কথা হলো সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের টিকারচর গ্রামের কৃষক আলিম উদ্দিনের সঙ্গে। আক্ষেপের সঙ্গে বললেন, চলতি মৌসুমে প্রায় অর্ধ একর জমিতে ফুলকপিসহ বিভিন্ন সবজির চাষ করেছেন তিনি। মৌসুমের শুরুতে প্রতি কেজি ফুলকপি ৪০ টাকা দামে বিক্রি করেছিলেন। এতে বেশ লাভও হচ্ছিল। কিন্তু দেড় মাস ধরে প্রায় টানা হরতাল-অবরোধের কারণে শেরপুর থেকে পাইকাররা ঢাকায় সবজি নিয়ে যেতে পারছেন না। তাই স্থানীয় বাজারেই মাত্র ১৫ টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে লাভ তো দূরের কথা, উত্পাদন খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আলিম উদ্দিন।

হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়েন পরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। তাঁদেরই একজন আনসার আলীর (৩৫) বাড়ি জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর এলাকায়। শেরপুর-সানন্দবাড়ি সড়কে চলাচলকারী বাসচালকের সহকারী তিনি। অবরোধে বাস চলাচল বন্ধ। তাই পৌর বাস টার্মিনালে বসে আজ অলস সময় কাটাচ্ছিলেন। প্রথম আলো ডটকমকে আনসার আলী বললেন, ‘হরতাল আর অবরোধে গত দেড় মাসে ১৮ দিন গাড়ি চলে নাই। অহন আবার তিন দিনের অবরোধ চলতাছে। ফলে গাড়ি বন্ধ। গাড়ি বন্ধ থাকলে মালিক তো খোরাকির টাকা দেয় না। অহন জমানো টাকা দিয়া কোনো মতে দিন কাটাইতাছি। সামনের মাসে পোলারে স্কুলে ভর্তি করাইতে টাকা লাগব। এভাবে চললে জমানো টাকাও শেষ হইয়া যাইব। তহন পোলারে ভর্তি করামু ক্যামনে? আমরা আর হরতাল-অবরোধ চাই না। আমরা দেশে শান্তি চাই। গাড়ি চালাইয়া জীবন বাঁচাইতে চাই। পোলাপানগো পড়াইতে চাই।’

শেরপুর শহরের পরিবহন মালিক তাপস রায় বলেন, ‘গাড়ি কিনতে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। এভাবে দিনের পর দিন গাড়ি বন্ধ থাকলে ব্যাংকের ঋণ শোধ করব কীভাবে? এমন অবস্থার অবসান চাই।’

শহরের কান্দাপাড়া এলাকার ইউনাইটেড রাইস মিলের চাতালশ্রমিক শ্যামলী রাণী (৪৫) বলেন, ‘হরতাল বইল্যা গাড়ি চলে না। বাইর থাইক্যা পাইকাররাও চাল কিনবার আহে না। তাই মালিক মিল বন্ধ রাখছে। স্বামীও মিলে কাম করে। কাম নাই, আইজ তো মালিক আমগর বেতন দিব না। তাইলে আমরা পোলাপান নিয়া ক্যামনে বাঁচমু?’

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘বিরোধী দলের হরতাল-অবরোধে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। শ্রমজীবী সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসায়ীরা বাধ্য হয়ে পথে নেমে এসেছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসার দাবি জানাচ্ছি।’