'এইভাবে চললে বাঁচমু ক্যামনে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন দিন যে দেশ থেইক্যা এইসব হরতাল-অবরোধ শেষ অইব। শান্তিতে চলাফেরা করতে পারব। আইজ কয়েক দিন ধইরা কোনো আয়রুজি নাই। এইভাবে চললে আমরা বাঁচমু ক্যামনে?’
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরে কথাগুলো বলেন দিনমজুর মো. আবুল কালাম (৪৮)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার কলেজ পাড়ায়। কালামের মতো ঠাকুরগাঁওয়ের অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এসব কর্মসূচির কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে হরতালের ডাক দেয় জেলা বিএনপি। এতে স্থবির হয়ে যায় ঠাকুরগাঁও শহর। শহরের প্রধান প্রধান ও শাখা সড়কে হরতাল ও অবরোধকারীরা অবস্থান নেন। পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ২৮ দিন বয়সী অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন মুন্সিপাড়ার ইসমাইল হোসেন। পথে পিকেটারদের বাধা পেয়ে তাঁকে হেঁটেই হাসপাতালে যেতে হয়েছে। তিনি বলেন, ‘এই হরতাল-অবরোধ না থাকলে দেশটা অনেক ভালো থাকত।’
পুরোনো শীতবস্ত্রের ব্যবসায়ী আবদুল হক বলেন, ‘চার দিন পর দোকান খুলেছি। এভাবে চলতে থাকলে আর উপায় নেই। পুঁজিও আস্তে আস্তে শেষ হয়ে যাবে।’ তিনি বলেন, যানবাহন না চললে দোকান খুলেও লাভ নেই। কারণ, গ্রাম থেকে মানুষ শহরে আসছে না।
অটোরিকশার চালক আবদুর রহিম বলেন, ‘টানা চার দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারিনি। ধারদেনা করে ঋণের কিস্তির টাকা পরিশোধ আর বাজার খরচ করেছি। এতে দায়দেনা বাড়ার সঙ্গে সঙ্গে কষ্ট আরও বাড়ছে।’
হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়েন পরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। তাঁদেরই একজন আনসার আলীর বাড়ি সদর উপজেলার আকচা গ্রামে। ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কে চলাচলকারী বাসচালকের সহকারী তিনি। তিনি বলেন, ‘হরতাল আর অবরোধে গত সাত দিনে এক দিন গাড়ি চলেছে। গাড়ি বন্ধ থাকলে মালিক তো খোরাকির টাকা দেন না। অহন জমানো টাকা দিয়া কোনো মতে দিন কাটাইতাছি। আমরা আর হরতাল-অবরোধ চাই না। আমরা দেশে শান্তি চাই।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান বলেন, ‘যে আন্দোলন জনগণের জন্য, তা সফল করতে জনগণকে কিছুটা কষ্ট শিকার করে নিতে হবে।’