'এইমাত্র খবর এল, রাজাকারের ফাঁসি হলো'
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর অন্যতম অধিনায়ক মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর ট্রাইব্যুনালের সামনে আনন্দমিছিল ও বিজয় উল্লাস হয়েছে। সেখানে সমস্বরে সবাই স্লোগান দেন, ‘এইমাত্র খবর এল, রাজাকারের ফাঁসি হলো।’
রায়কে কেন্দ্র করে আজ রোববার সকাল নয়টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সামনে সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে মীর কাসেমের ফাঁসির দাবি জানিয়ে ট্রাইব্যুনালের সামনে মানুষ উপস্থিত হন। আদালত ফাঁসির রায় ঘোষণার পরপরই তাঁরা উল্লাস করতে শুরু করেন।
রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এই রায়ে সত্যের জয় হয়েছে। ইতিহাসের সত্য এভাবেই উঠে আসে। সত্য কখনো চাপা থাকে না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘রায়ে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট।’
চট্টগ্রাম গণহত্যার হোতা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগ অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার। বাকি ১২টি অভিযোগ অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ। ১১ ও ১২ নম্বর অভিযোগের দুটিতেই তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।