‘এএসওসিআইও বিশেষ স্বীকৃতি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী
আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে ‘অনন্য দূরদর্শিতা ও মহত্ উদ্যোগ’ নেওয়ার স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ ‘এএসওসিআইও বিশেষ স্বীকৃতি পুরস্কার-২০১০’ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর হোটেল শেরাটনে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশনের (এএসওসিআইও) প্রেসিডেন্ট লুই কিয়েন লেয়ং প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন। খবর বাসসের।পুরস্কার নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের জন্য একটি বড় সম্মান। এ পুরস্কার দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পাশাপশি আইসিটিভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সহায়ক ভূমিকা রাখবে।এর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা, ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ফান বান খাই এবং ভারতের সাবেক আইসিটিমন্ত্রী প্রমোদ মহাজন এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।