'এক অঞ্চল এক পথ' বড় সুযোগ, কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক অঞ্চল এক পথ’ বা নতুন রেশম পথের চীনা-উদ্যোগ বাংলাদেশের উন্নয়নে বড় সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে অর্থনীতির জন্য বড় সহায়ক উপাদান প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসবে। তবে এ উদ্যোগে শামিল হতে গেলে বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। দৃষ্টি দিতে হবে অবকাঠামো উন্নয়ন, সুশাসন এবং নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে।

রোববার প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সাবিনা ইয়াসমিন
রোববার প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সাবিনা ইয়াসমিন

‘এক অঞ্চল এক পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তাদের মূল সুর ছিল এটাই। আজ রোববার প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বৈঠকের আয়োজন করে প্রথম আলো।

বৈঠকে বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর দুই বড় অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের কাছে আছে বাংলাদেশ। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশ এর পূর্ণ সুযোগ নিতে পারে। দুটি দেশের সঙ্গে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা আছে, চীনের এ পরিকল্পনাকে সেই বৈষম্য দূরীকরণে কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা।
২০১৩ সাল থেকেই ‘এক অঞ্চল এক পথ’ ধারণাটি নিয়ে এগিয়ে আসে চীন। গত ১৪ মে চীনে বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন সম্মেলনের প্রথম দিনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ পরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন। ২৯টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এতে অংশ নেন। এশিয়ার বিভিন্ন প্রান্ত ও ইউরোপ পর্যন্ত বন্দর, সড়ক, রেলপথ পুনর্নির্মাণ এবং শিল্পপার্ক তৈরির মাধ্যমে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গে নিজের দেশকে সংযুক্ত করার এ পরিকল্পনা নিয়েছে চীন।

আজকের বৈঠকের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চীনের এই পরিকল্পনা নতুন কিছু নয়। চীন শুধু প্রাচীন এই যোগাযোগ পথকে নতুন আঙ্গিকে তুলে ধরছে। এ উদ্যোগ শুধু চীনের লাভের জন্য নয়। বাংলাদেশসহ এর সঙ্গে যুক্ত সব দেশের স্বার্থই এখানে যুক্ত। দেশের বড় বড় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে চীনের এ পরিকল্পনার একটি যোগসূত্র রাখার প্রয়োজনীয়তার দিকে জোর দেন পরিকল্পনামন্ত্রী।

বৈঠকে চীনের এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন কয়েক বক্তা। সেই পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সক্ষমতা কম। রাতারাতি তা অর্জনও সম্ভব নয়। তবে প্রয়োজনে বাইরে থেকে দক্ষ লোক এনে এ ঘাটতি পূরণ করা হবে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্মানিক নির্বাহী পরিচালক বলেন মোস্তাফিজুর রহমান, ‘এক অঞ্চল এক পথের’ উদ্যোগে যেসব দেশ শামিল হয়েছে, এসব দেশ থেকে বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ উৎপাদিত হয়। এর ফলে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এর জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, চীনা উদ্যোগে স্থল ও সমুদ্রপথের অবকাঠামো উন্নয়ন একটি বড় বিষয়। তবে এসব পরিবহনের করিডর যেন অর্থনৈতিক করিডরে পরিণত হয়, তার দিকে খেয়াল রাখতে হবে। আবার অবকাঠামো নির্মাণ করতে গেলে কোন অবকাঠামো করব তার সঠিক পরিকল্পনা রাখতে হবে। এখন বড় সমুদ্রবন্দর থকে শুরু করে যেসব বড় অবকাঠামো তৈরি হচ্ছে, এক অঞ্চল এক পথের পরিকল্পনার সঙ্গে এর সাযুজ্য থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বড় বিনিয়োগ লাগবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, বাংলাদেশ যে ৮ শতাংশ প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে, সেখানে বিনিয়োগ একটা বড় চ্যালেঞ্জ। চীনা এই পরিকল্পনার ফলে সেখানকার বেসরকারি খাতেরও এ দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। দুই দেশের মধ্যে থাকা বিপুল বাণিজ্যবৈষম্য রোধে এটি একটি বড় সুযোগ সৃষ্টি করবে বলে মত দেন তিনি। চীনা এ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান আবরার এ আনোয়ার।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘এক অঞ্চল এক পথ’ চীনের একার কোনো বিষয় নয়। এই ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রকল্পে সবারই অংশীদারত্ব আছে। এখানে কারও কোনো ক্ষতির অবকাশ নেই।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সময়মতো সুযোগ যদি কাজে লাগানো না যায়, তবে এর কোনো অর্থ থাকে না। ‘এক অঞ্চল এক পথের’ এ সুযোগ আমাদের সময়মতো কাজে লাগাতে হবে।

বৈঠকে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রাশেদ আল তিতুমীর, বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড অব ব্যাংকিং নাসির এজাজ বিজয়।
আজকের বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।