'এক অভিযোগে এত মামলা করা বেআইনি'

এক অভিযোগে ৩৬টি মামলা করা বেআইনি বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীতে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিননামা (বেল বন্ড) জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জজ আদালতে রাষ্ট্রদ্রোহ ও ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে ওই তিনটি মামলা করেন হাফিজুর রহমান, নুরুল ইসলাম মণ্ডল ও মিজানুর রহমান। হাফিজুর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, নুরুল ইসলাম মণ্ডল গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য হলেন মিজানুর রহমান।
জামিননামা জমা দেওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান দখলদার সরকারের স্বৈরাচারী নির্যাতন ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে কথা বলেছিলাম। এ কারণে আমার বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে। এক অভিযোগে এতগুলো মামলা করা বেআইনি। শুধু আমাকে হয়রানি করার জন্য এতগুলো মামলা করা হয়েছে। কিন্তু তাঁরা আমার কণ্ঠরোধ করতে পারেনি।’
মাহমুদুর রহমান আরও বলেন, ‘এ পর্যন্ত আমার বিরুদ্ধে ১১৭টি মামলা করা হয়েছে। আমি পাঁচ বছর জেল খেটেছি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মিডিয়ার স্বাধীনতার পক্ষে ও গণতন্ত্রের জন্য আমার লড়াই অব্যাহত রাখব।’
মাহমুদুর রহমানের আইনজীবী এম এ খালেক বলেন, এরই মধ্যে হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে আট সপ্তাহের মধ্যে মুখ্য বিচারিক হাকিমের জামিননামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।