'এক ছটাক চাউলও পানো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১০ দিন থাকি ছোলপোল নিয়া ইসকুলের ঘরোত আচি। এক ছটাক চাউলও পানো না। সগলে খালি ফটোক তুলি নিয়া যায়। কাউয়ো কিচু দ্যায় না।’ গত শুক্রবার সকালে আক্ষেপ করে এসব কথা বলছিলেন গাইবান্ধার ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া জহুরা বেগম (৫০)।

জহুরার স্বামী সুরুজ্জামান মিয়ার (৬০) সঙ্গে কথা বলে জানা গেল, উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর গ্রামেই তাঁদের বাড়ি। বসতভিটাসহ তাঁদের ১৫ বিঘা জমি ছিল। দুই বছরে নদীর ভাঙনে ১২ বিঘা বিলীন হয়ে গেছে। আর এবার বন্যার আগে অবশিষ্ট তিন বিঘাও বিলীন হয়। বসতভিটায় তিনটি টিনের ঘর ছিল, তাও পানিতে ডুবে নষ্ট হয়েছে।

যমুনার তীরবর্তী ওই ইউনিয়নের বেশির ভাগ লোক প্রায় তিন সপ্তাহ ধরেব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। পানি কমলেও অনেক পরিবার বাড়িতে ফিরতে পারেনি। ফলে তারা দুর্ভোগ পোহাচ্ছে। ত্রাণসামগ্রী বা সরকারি কোনো সহায়তাও পাচ্ছে না এসব পরিবার।

ওই বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মশামারি গ্রামের রাবেয়া বেগম (৫২) বলেন, ‘বানের পানিত হামাক ঘরে দুটে ঘর ডুবি নষ্ট হয়া গ্যাচে। ঘরের মদ্দে একনো (গত শুক্রবার) হাঁটুপানি। গরু-বাছুর নিয়া ১০ দিন থাকি ইসকুলোত আচি। কাউয়ো হামার খবর নেয় নাই।’ একই গ্রামের দিনমজুর আছির উদ্দিন (৫০) বলেন, ‘বাড়িত থাকি ইসকুলোত ১৫ কেজি চাউল আনচিনো, তাক আচ থাকি (শুক্রবার) শ্যাষ হচে। তেরান (ত্রাণ) পাই নাই। সুদের ওপর পাঁচ হাজার ট্যাকা নিয়া খাবার নাগচি। পরে কামলা দিয়া শোদ করমো।’

এ ছাড়া ১৫ কেজি চাল ও ২০০ টাকা নিয়ে এই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন একই গ্রামের ছহিম উদ্দিন (৫০)। বন্যায় তাঁর দুটি ঘর বিধ্বস্ত হয়েছে। এখনো মেঝেতে পানি। ঘর মেরামত না করলে বাড়ি ফিরতে পারবেন না। ছহিম উদ্দিন বলেন, ‘যা নিয়া ইসকুলোত উঠচিনো, তাক শ্যাষ। ইলিপ (রিলিপ) দূরের কতা, কাউয়ো খবোরও ন্যায় নাই।’

একই ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের সাইদুর মিয়ার স্ত্রী মজিরন বেগম (৫৫) ওই বিদ্যালয়ে জায়গা না পেয়ে সংলগ্ন ব্রহ্মপুত্র বাঁধে আশ্রয় নেন। মজিরন বলেন, ‘বানের পানিত ধান-চাউল নষ্ট হচে। কয়দিন থাকি বানদের (বাঁধের) এক দোকানোত দুই হাজার ট্যাকার খরচ বাকি খাচি। সোরকার কিচু দিলো না। দোকানের মালিক ট্যাকার জন্নে চাপ দিচে। একন ট্যাকা শোদ করমো না চাউল কিনমো।’ একই গ্রামের কৃষক বাচ্চু মিয়া (৫০) বলেন, ‘১০ দিন থাকি থাকপ্যার নাগচি। একনা ইলিপ (রিলিপ) পানো না।’ এভাবে উড়িয়া ইউনিয়নের ওই বিদ্যালয় ও বাঁধে আশ্রয় নেওয়া প্রায় ৭৫ জন লোকের সঙ্গে কথা হয়। কিন্তু সবার কথার সেই একই সুর—তাঁরা ত্রাণ পাননি।

উড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিয়াজ্জামান সরকার বলেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ইউনিয়নের জন্য গত বুধবার মাত্র পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি, যা শুক্রবার বিতরণ করা হয়েছে। প্রায় ৩০ হাজার লোক-অধ্যুষিত ইউনিয়নটি বন্যাপ্রবণ এলাকা। তাই আরও ত্রাণ চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান মুঠোফোনে গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ৫১ লাখ টাকা, ১২ হাজার ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরও ৫ হাজার বান্ডিল ঢেউটিন, ৫০০ মেট্রিক টন চাল ও ৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।