'এক ভোটের কেন্দ্রে' এবার ভোট পড়েছে দুই হাজার ৭৫৭টি
চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের গোমনাতী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র একটি। গতকাল সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে ওই কেন্দ্রে ভোট পড়েছে দুই হাজার ৭৫৭টি।
ওই কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ভীতি ও হুমকি-ধমকির কারণে জাতীয় নির্বাচনের সময় তাঁরা ভোট দিতে পারেননি। ওই নির্বাচনে ভোট প্রদানকারী একমাত্র ভোটার মো. মজনু ইসলাম বলেন, ভোট দেওয়ার কারণে তাঁকে দুই দিন পালিয়ে থাকতে হয়েছে।
গতকাল ভোট দিতে আসা ওই কেন্দ্রের ভোটার হাবিবুল ইসলাম (৩৫) জানান, জাতীয় সংসদের নির্বাচনের সময় তিনি ভোট দিতে এসেছিলেন। মারামারির কারণে ভোট দিতে পারেননি। এবার ভয় নেই, তাই ভোট দিয়েছেন। একই ধরনের কথা বললেন ভোটার মহির উদ্দিনসহ (৬৫) কয়েকজন।
এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তারেক আহসান প্রধান প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারি এই কেন্দ্রে ব্যাপক সহিংসতা হয়েছিল। তখন এখানে ভোট পড়েছিল মাত্র একটি। এ কারণে এই কেন্দ্রটি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৭৩২ জন। আর ভোট পড়েছে দুই হাজার ৭৫৭টি, যা মোট ভোটের প্রায় ৭৪ শতাংশ।