'এক মাস থ্যাইকা পানিত পইড়া আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মাস থ্যাইকা পানিত পইড়া আছি। পানি খালি বাড়তাছে আর বাড়তাছে। মরিচ ভর্তা দিয়া ভাত খাই; মাচার মধ্যে থাকি, বাতাসে পানির ঢেউ উঠলে ভয় নাগে, হামাগরে এত দুর্গতি, কেউ খোঁজ নিতে আইলো না।’ কথাগুলো বললেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের পশ্চিম মশালের চরের গৃহবধূ সারা খাতুন (৩৮)। তাঁর দুই মেয়ে আমিনা ও আলপনা। ব্রহ্মপুত্র অববাহিকায় অন্য হাজার হাজার পরিবারের মতো তারাও নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।
সরেজমিনে গত শনিবার কুড়িগ্রাম শহর থেকে মোগলবাসা ঘাট হয়ে মূল ব্রহ্মপুত্র অববাহিকায় উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা, পূর্ব ও পশ্চিম মশালের চর, সাহেবের আলগা ইউনিয়নের চেরাগের আলগা, জাহাজের আলগা ও মেকুরের আলগা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্রে তীব্র বেগে বয়ে যাচ্ছে স্রোত। প্রতিটি বাড়ির লোকজন ঘরের ভেতরে মাচা করে কিংবা নৌকায় দিনরাত পার করছে। নৌকা দেখলেই তারা ছুটে আসছে সাহায্যের আশায়।
পূর্ব মশালের চরে বাস করে ২৫০টি পরিবার। দূর থেকে দেখা যায়, টিনের চালগুলো পানিতে ভেসে আছে। চরের আবুল কালাম বলেন, ‘চরের মাইনষের আবাদ-কিস্তি সব শ্যাষ হইয়া গ্যাছে। এবার দুর্ভোগ নামব।’
সাহেবের আলগা ইউনিয়নের একদেল ঘুরিয়ার কৃষক হারান আলী বলেন, ‘আমাদের যত কষ্ট, তার থ্যাকি বেশি কষ্টে পড়েছে গরু-ছাগল। ঘাস নাই, রাখার জায়গা নাই। একই এলাকার আকলিমার স্বামী আছর উদ্দিন বানের মধ্যে অসুস্থ হয়। বানের মধ্যে কোনে নিয়া যাই।’
চেরাগের আলগার কুলসুম বেগম বলেন, ‘নাওয়ে নাওয়ে (নৌকা) থাকি, নাওতে খাই, খড়ির খুব অভাব। এক বেলা রান্না করি, দুই বেলা খাই।’
বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান খোকা মোল্ল্যা বলেন, তাঁর এলাকায় তিন হাজার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৮০০ পরিবারের জন্য সহায়তা পেয়েছেন মাত্র। এ সংবাদ লেখার সময় পর্যন্ত নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ছে।
উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ এইচ এম জামেরী হাসান বলেন, ‘আমি ৪৫ মেট্রিক টন চাল পেয়েছি, যা অপ্রতুল।’