‘এক রাতে গৃহস্থ থেকে ভিখারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পদ্মার বাঁধ ধসে গত শনিবার রাতেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুটি গ্রামের শতাধিক বাড়ি, ফসলি জমি, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। নিশ্চিহ্ন হয়ে গেছে সাঁড়া ইউনিয়নের দুটি মৌজা।পদ্মায় বিলীন হওয়া গ্রাম দুটি হলো কোমরপুর ও শেখেরচক। ভাঙনের ভয়াবহতা আগ্রাসী রূপ ধারণ করায় ক্ষতিগ্রস্ত কয়েক শ লোক তাদের শেষ সম্বলটুকু সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। নদীর পাড়ে বসে বুক চাপড়ে কেউ কেউ হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে।গতকাল রোববার দুপুরে এলাকাবাসী নদীপাড়েই হাতে হাত ধরে প্রতীকী মানববন্ধন করে এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদ জানায়। এ সময় সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জার্জিস হোসেনও এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে যোগ দেন। সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, শনিবার রাত থেকে গতকাল দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। এলাকাবাসী জানায়, আজ সোম ও কাল মঙ্গলবার যদি ভাঙনের তীব্রতা না কমে, তবে ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ে এলাকায় পদ্মার পানি ঢুকতে বেশি সময় লাগবে না।গতকাল দুপুরে ওই দুটি গ্রামে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা তাদের শেষ সম্বলটুকু সরিয়ে নিতে ব্যস্ত। বড় বড় গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পাকা ঘরের ইট পর্যন্ত খুলে সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে কেউ কেউ। ভাঙনে সর্বস্ব হারানো রপছের আলী খাঁর চোখের পানির দাগ তখনো মোছেনি। তাঁকে প্রশ্ন করলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাতে ভাঙনে আমার বাড়িঘরসহ ১৩ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে। শনিবার পর্যন্ত আমি গৃহস্থ হিসেবে নিজেকে পরিচয় দিলেও আজ আমি সর্বহারা, পথের ভিখারি।’স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, ‘ভাঙনে আমার ওয়ার্ডের অর্ধেক এলাকা এখন পানির নিচে। আমার নিজের বাড়িটিও যেকোনো সময় পানির তোড়ে ভেসে যাবে বলে আমি নিজেই আতঙ্কিত।’সাঁড়া ইউপির চেয়ারম্যান জার্জিস হোসেন পদ্মার ভাঙন এলাকা দেখিয়ে বলেন, ‘শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সাঁড়া ইউনিয়নের মানচিত্র থেকে শেখেরচক ও কোমরপুর গ্রাম দুটি চিরতরে হারিয়ে গেছে। এই ইউনিয়নের মানচিত্র এবার নতুন করে তৈরি করতে হবে।’ তিনি আরও বলেন, ভাঙনের তীব্রতা এই হারে অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই হুমকির মুখে পড়বে ঈশ্বরদী বিমানবন্দর, রেলওয়ে জংশন স্টেশনসহ ঈশ্বরদী শহর। তাই অবিলম্বে পদ্মায় এই স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।