'একই পরিণতি'র হুমকি!
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দেওচান্দি গ্রামের আফিল উদ্দিন (৪৫) নামের এক কৃষক ৯ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অপহরণের মামলা হওয়ার পর আসামিরা তাঁর পরিবারকে ‘একই পরিণতি’ ভোগের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সরারচর ইউনিয়নে নিখোঁজ আফিল উদ্দিনের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সেখানে কফিলের স্ত্রী রহিমা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আফিল উদ্দিনের সঙ্গে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে সৎভাই জালাল উদ্দিনের বিরোধ চলছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন জালাল। কিন্তু আফিল হুমকির কাছে মাথা নত না করে সম্পত্তির ভাগ দাবি করে আসছিলেন। এ অবস্থায় ২০১৬ সালের ৪ জুলাই নিখোঁজ হন আফিল। এ নিয়েও বাড়াবাড়ি না করার জন্য পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন জালাল। পরে ২ এপ্রিল কিশোরগঞ্জ আদালতে অপহরণের অভিযোগে জালাল উদ্দিনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন রহিমা। এরপর থেকে জালালের লোকজন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পরিবারের অন্য সদস্যদেরও কফিল উদ্দিনের পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছেন।
রহিমা খাতুন বলেন, ‘জালালের লোক ছাড়া আর কেউ আমার স্বামীকে অপহরণ করতে পারেন না।’
জালাল উদ্দিন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও আফিল উদ্দিনের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও তাঁরা দেননি।
বাজিতপুর সদর থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা তাঁরা পাননি। হুমকির বিষয়েও তাঁরা অভিযোগ পাননি।