‘একচুল নড়লে আ.লীগ ক্ষমতা থেকে যোজন দূরে চলে যাবে’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন প্রশ্নে সংবিধান থেকে একচুল নড়লেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যোজন যোজন দূরে চলে যাবে। এ জন্যই প্রধানমন্ত্রী বলছেন, এক চুলও নড়বেন না।জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিন। জবরদস্তি করে ক্ষমতা ধরে রাখা যায় না।’দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভিন্নভাবে একদলীয় শাসন বাকশাল নিয়ে আসতে চায়। সে জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। নির্বাচন না দিলে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। এটা সংবিধান হতে পারে না। আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সালাম তালুকদারের স্মরণে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।