'একজন মানুষকেও হয়রানি করার অধিকার দুদকের নেই'

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব কর্মকাণ্ড জনবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা এবং ২০১৭ সালের সময়াবদ্ধ কর্মধারা চূড়ান্ত করার জন্য দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘কমিশনের সকল কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক মনোভাব থাকতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ না হয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা পরিহাস মাত্র।’ দুদক চেয়ারম্যান বলেন, দেশের একটি মানুষকেও হয়রানি করার অধিকার দুদকের নেই। আমরা একটি মানুষকেও হয়রানি হতে দেব না।
কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ২০১৬ সালে ধারণা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এ বছর কর্মকর্তাদের নৈতিক স্খলনজনিত যে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘরে-বাইবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা কে কোথায় কি করি তা সবাই জানেন।
ইকবাল মাহমুদ বলেন, এ যুগ হচ্ছে স্বচ্ছতার যুগ, আমাদের মনে রাখতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সব তথ্যই এখন মানুষের হাতের মুঠোয়। তাই কমিশন যদি দুদকের কারও বিরুদ্ধে দুর্নীতির দালিলিক প্রমাণসহ অভিযোগ পায় তাহলে বিধিমতো ব্যবস্থাসহ ফৌজদারি মামলাও দায়ের করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। তাই আমাদের সকলের জন্য ২০১৭ সাল হবে একটি কঠোর বছর।
দুদক চেয়ারম্যান বলেন, কিছু কিছু গণমাধ্যমে খবর এসেছে দুদকের প্রতি জনগণের আস্থা কিছুটা বেড়েছে। এটা আপনাদের কার্যক্রমের জন্য হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে একজনের একটি অনৈতিক কাজই জন আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে তিনি তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আপনাদের অধীন কর্মকর্তাদের কার্যক্রম সঠিকভাবে তত্ত্বাবধান করুন।
কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ বলেন, দুদকের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের সেবা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার জন্য কাজ করা। তিনি আরও বলেন, দুর্নীতির উত্স শনাক্ত করে পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে কমিশন ভূমিকা রাখবে।
আরেক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনলেই কেবল অন্যদের জবাবদিহির আওতায় আনা সহজ হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের মহাপরিচালক শামসুল আরেফিন, আসাদুজ্জমান, ফরিদ আহমদ ভূঁইয়া, আতিকুর রহমান খান, মোহাম্মদ মুনীর চৌধুরী প্রমুখ।
কর্মশালায় মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।