‘একটা উচিত শিক্ষা দিলাম’
পরীক্ষা শুরুর আগে সভাপতি বিদ্যালয়ে তালা দিয়ে দিলেন। এরপর প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল করলেন। এখানেই শেষ নয়। সভাপতি মারতেও গিয়েছিলেন প্রধান শিক্ষককে।এ ঘটনার কারণ হিসেবে সভাপতি ফয়জুল ইসলাম বললেন, ‘প্রধান শিক্ষক স্কুলের কাজ ফেলে শিক্ষা অফিসের কাজ করেন। পরীক্ষা শুরু হবে, তা-ও আমাকে জানান না। তাই একটা উচিত শিক্ষা দিলাম।’ ঘটনাটি ঘটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।ঘটনার শিকার প্রধান শিক্ষক, শিক্ষা অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ আগস্ট গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল ইসলাম আগের দিন প্রধান শিক্ষকের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে নিজের ক্ষমতা জাহির করতে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ে গিয়ে গেটে তালা দিয়ে দেন। প্রধান শিক্ষক তালা খুলতে চাইলে ফয়জুল ইসলাম ও তাঁর সহযোগী সমসুল ইসলাম ও হারিছ তাঁকে অকথ্য ভাষায় গালগাল করেন। একসময় ফয়জুল ইসলাম প্রধান শিক্ষক কলিমুল্লাকে মারতে ছুটে যান। উপস্থিত লোকজন এ সময় প্রধান শিক্ষককে রক্ষা করে। পরে তারা বিদ্যালয়ের তালা খুলে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করে।অভিভাবক মঈন উদ্দিন বলেন, বিদ্যালয় তো সভাপতির একার নয়। তিনি এভাবে স্বেচ্ছাচারিতা করতে পারেন না।প্রধান শিক্ষক কলিমুল্লা বলেন, ‘গত বুধবার অফিসিয়াল কাজে শিক্ষা অফিসে গিয়েছিলাম। পরের দিন স্কুল সময়ে এসে দেখি, সভাপতি জোরপূর্বক বিদ্যালয়ের গেটে তালা দিচ্ছেন। এর কারণ জিজ্ঞেস করতেই তিনি আমাকে বলেন, ‘‘কাল কোথায় ছিলি তুই।’’ এরপরই তিনি আমাকে মারতে আসেন।’সিলেট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী বলেন, এ রকম ঘটনার বিচার হয় না বলেই দেশের সব জায়গায় শিক্ষকেরা পদে পদে লাঞ্ছিত হচ্ছেন।পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি যেহেতু আমার ইউনিয়নে, তাই এ ঘটনায় আমি লজ্জিত।’ গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’