‘একটা পুল থাকলে সহজে যাতায়াত করতাম পারতাম’
বর্ষা মৌসুমে অনেকটা পথ ঘুরে শহরে আসতে হয়। শুকনো মৌসুমে পার হতে হয় নড়বড়ে ঝুঁকিপূর্ণ সাঁকো। দীর্ঘদিন ধরে এভাবেই ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে আসতে হচ্ছে একই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আচারগাঁও নাথপাড়া ও ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকার বাসিন্দাদের। নরসুন্দা নদীর দ্বারা ত্রিধাবিভক্ত হয়ে আছে এই পৌরসভাটি। তিন অংশে সহজ যোগাযোগ রক্ষার জন্য পৌরবাসী নরসুন্দা নদীর ওপর একটি ত্রিমুখী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে এক যুগের বেশি সময় ধরে। বিগত অনেক নির্বাচনে সেতু নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ করতে জনপ্রতিনিধিরা এগিয়ে আসেননি।সালাউদ্দিন মিয়া (৩৮) নামের এক ব্যক্তি বলেন, ‘গ্রাম থেকে শহরে এলেই বড্ড ধন্দে পড়ে যাই রাস্তা পারাপার নিয়ে। ঝামেলা এড়াতে শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো ব্যবহার করে নতুন বাজারে যেতে হয়। বর্ষাকালে সাঁকো না থাকায় অনেকটা পথ ঘুরে যেতে হয়।’ লিমন (১৩) নামের এক স্কুলছাত্র বলে, ‘শুকনো মৌসুমে নদীর ওপর দুটি বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যেতে পারি। বাড়ি থেকে স্কুলটি দেখা গেলেও বর্ষাকালে অনেকটা রাস্তা ঘুরে ওখানে যেতে হয়। একটা পুল থাকলে সহজে যাতায়াত করতাম পারতাম।’ নান্দাইলের সংবাদপত্র পরিবেশক আবুল হাশেম জানান, ওই স্থানে সাঁকোর স্থলে একটি সেতু নির্মাণ করা হলে পৌরসভার তিনটি অংশে নিরাপদ ও সহজ যোগাযোগ গড়ে উঠত। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বলেন, কলেজ ক্যাম্পাস থেকে পুরান বাজার আসতে দেড় কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পার হতে হয়। এ ছাড়া নিয়মিত যানজট তো রয়েছেই। একটি সেতু হলে শিক্ষার্থীরা ও পায়ে হাঁটা মানুষ নিরাপদে চলাচল করতে পারত। উত্তর অংশ চণ্ডীপাশা এলাকা থেকে মুমূর্ষু কোনো রোগী হাসপাতালে আনার সময় যানজট পেরোতে হয়। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান ভূঁইয়া মনির বলেন, গুদারাঘাট এলাকায় একটি ত্রিমুখী সেতু নির্মিত হলে দুটি বিকল্প রাস্তা চালু হতো। এই সেতু দিয়ে দুই অংশের সহজ যোগাযোগ গড়ে ওঠা ছাড়াও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়া ও চণ্ডীপাশা নতুনবাজার এলাকার কয়েক হাজার মানুষ শহরের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারত। নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম বলেন, এ রকম একটি সেতুর খুবই প্রয়োজন। সেতু হলে নান্দাইল পৌর শহরের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। তেমন রাজস্ব আয় না থাকায় পৌরসভার পক্ষে সেতু নির্মাণের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নিলে পৌরবাসী ভোগান্তি থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন, ওখানে আপাতত একটি কাঠের সেতু নির্মাণের চিন্তাভাবনা রয়েছে।