একটানা এক ঘণ্টার বেশি চেয়ারে বসে কাজ না করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, চেয়ার থেকে উঠে কিছুক্ষণ পায়চারি করতে হবে। প্রতিদিন নিবিড়ভাবে আধা থেকে এক ঘণ্টা পর্যন্ত হাঁটারও পরামর্শ দেন তাঁরা। কলকাতার অ্যাপোলো গ্লিনগ্ল্যাস হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা গত শুক্রবার রাতে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন। তিনজন চিকিৎসক এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা হলেন: পি এন মহাপত্র, সরজিৎ কুমার দাশ ও রণদীপ রুদ্র। চিকিৎসকেরা খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়ে আরও বলেন, গরুসহ বিভিন্ন পশুর লালচে মাংস (রেড মিট) ও সিগারেট বর্জন করতে হবে। লালচে মাংস ও সিগারেট হূদেরাগের ঝুঁকি বাড়ায়। খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে ইউরোপ ও আমেরিকায় হূদেরাগে আক্রান্তের হার এক-চতুর্থাংশে নেমে এসেছে। অথচ বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে এ ধরনের রোগী বেড়েছে চার গুণ। ভারতীয় চিকিৎসকেরা জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর এক হাজারের বেশি হূদেরাগে আক্রান্ত রোগী কলকাতার অ্যাপোলো গ্লিনগ্ল্যাস হাসপাতালে চিকিৎসা নেন। সংবাদ সম্মেলনে কলকাতা অ্যাপোলো গ্লিনগ্ল্যাস হাসপাতালের মেডিকেল উপদেষ্টা অমলেন্দু সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী দেবব্রত সেন উপস্থিত ছিলেন। তাঁরাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।