'একটি পত্রিকাকে রোজ সকালে ভোটে দাঁড়াতে হয়'

রাজনীতিবিদেরা পাঁচ বছর পর পর ভোটে দাঁড়ান। আর একটি দৈনিক পত্রিকাকে রোজ সকালে ভোটে দাঁড়াতে হয়। পাঠক ইচ্ছে হলে পড়বেন। না হলে পড়বেন না। এটাই সাংবাদিকতার মূল চ্যালেঞ্জ।
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন সাংবাদিকতায় নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করে আমেরিকান সেন্টার।
সুমনা শারমীন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যাতে একই সঙ্গে ‘প্যাশন’ এবং সৃজনশীলতা থাকতে হয়। কারণ, একজন সাংবাদিককে প্রতিদিন নতুন নতুন খবর খুঁজে বের করতে হয়। তিনি বলেন, ‘সাংবাদিকতা গতানুগতিক পেশার মতো নয়; চ্যালেঞ্জিং ও কষ্টকর। এ জন্য প্রথমে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে যে, আপনি এই পেশাতেই কাজ করবেন কি না।’
এরপর সুমনা শারমীন উপস্থিত শিক্ষার্থীদের কাছে জানতে চান তাঁদের মধ্যে কতজন সাংবাদিকতা করবেন। তাঁরা কেন এটাকে পেশা হিসেবে বেছে নিতে চান, সেটাও জানতে চেয়েছেন।
সুমনা শারমীন বলেন, ভালো সাংবাদিক হতে হলে পড়াশোনার পাশাপাশি মাঠে কাজ করতে হবে। প্রচুর বই পড়া, সিনেমা দেখা, গান শোনা জরুরি। ‘কমনসেন্স’ খুব গুরুত্বপূর্ণ। এককথায়, সাংবাদিককে চৌকস হতে হবে। তিনি সাংবাদিকতার জগতে নারীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে কাজের মান বাড়ানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকান সেন্টারের প্রধান তথ্য কর্মকর্তা মেরিনা ইয়াসমিন শিক্ষার্থীদের সঙ্গে অতিথি সুমনা শারমীনকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, প্রথম আলোর প্রথম দিন থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত আছেন সুমনা। তিনি তাঁর কাজের মাধ্যমে সব সময়ই নারীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় বিষয় তুলে ধরেছেন।
অনুষ্ঠানে বেশ কয়েকজন নারী সাংবাদিকও উপস্থিত ছিলেন।