‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে শেরপুর সদর উপজেলার দুটি ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শেরপুরে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র জনগণের’ ব্যানারে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা প্রকল্প কমিটির সভায় সরকারি নীতিমালা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শেরপুর সদর উপজেলার কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী ও বলাইয়েরচর ইউনিয়নকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত ১৮ মার্চ শেরপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ মো. আতিউর রহমান স্থানীয় সরকারমন্ত্রীর কাছে লিখিত অনানুষ্ঠানিক পত্রের (ডিও লেটার) মাধ্যমে চরমোচারিয়া ও চরপক্ষীমারী ইউনিয়নকে বাদ দিয়ে কামারিয়া ও ধলা ইউনিয়নকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন।জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে চরমোচারিয়া ও চরপক্ষীমারী ইউনিয়নকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আবেদন জানানো হয়।স্মারকলিপি দেওয়ার আগে শেরপুর সদর উপজেলার কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী ও বলাইয়েরচর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনের নেতৃত্বে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন, বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল আজিজ প্রমুখ।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) শেরপুরের উপপরিচালক মো. আখলাছুর রহমান বলেন, শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রাথমিক কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে সমন্বয় না হওয়ায় শেরপুর সদরে এ প্রকল্পের কাজ ঝুলে আছে। বিষয়টি তিনি মন্ত্রণালয়কে অবহিত করেছেন। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর প্রকল্পের কাজ শুরু করা হবে।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে চারটি ইউনিয়নকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সুপারিশ করেছেন।