'একটি শিশু, একটি গাড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতমসজিদ রোডে সারা দিন লেগেই থাকে যানজট l প্রথম আলো
সাতমসজিদ রোডে সারা দিন লেগেই থাকে যানজট l প্রথম আলো

সড়কটি ২ দশমিক ৭ কিলোমিটার। একটু পরপর ডানে-বাঁয়ে ঢোকার মোড়। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। পুরো সড়কটিই বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। ফলে ধানমন্ডির সাতমসজিদ সড়কটিতে যানজট লেগেই থাকে।
জিগাতলা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সাতমসজিদ সড়ক। এই সড়কের দুই পাশ মিলিয়ে ডানে-বাঁয়ে যাওয়ার মোড় আছে প্রায় ২৪টি। একটি মোড় থেকে আরেকটি মোড়ের দূরত্ব কয়েক গজ হবে।
গত বৃহস্পতিবার বিকেলে দেখা গেল, প্রায় প্রতিটি মোড়েই ট্রাফিক সিগন্যাল। ডানে-বাঁয়ে যাওয়ার যানগুলোর জন্য ট্রাফিক পুলিশ থামিয়ে রেখেছেন সরাসরি চলতে থাকা যানগুলোকে। রিয়া জান্নাত সীমান্ত স্কয়ারে যাবেন। লালমাটিয়া থেকে রিকশা নিয়েছেন। সাতমসজিদ সড়কে ধানমন্ডি ৭/এ-তে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘এইটুকু পথ আসতে কতবার যে রিকশা থামছে! এক ঘণ্টা হয়ে গেছে, এখনো পৌঁছাইতে পারি নাই।’
মোহাম্মদপুর থেকে গুলিস্তান-মতিঝিলগামী অনেক বাস চলে এ সড়কে। নির্দিষ্ট কিছু বাসস্ট্যান্ড থাকলেও বাসগুলো সড়কজুড়ে থামতে থামতে যায়। বাস থামার জন্য সড়কটিতে আলাদা কোনো জায়গাও নেই। স্ট্যান্ডে কয়েকটি বাস একসঙ্গে থামলে পেছনের অন্য যানগুলো থেমে থাকে। তখন এর সারি দীর্ঘ হতে থাকে। এ সড়কে নিয়মিত চলাচলকারী কয়েকজন বলেন, সবচেয়ে বেশি যানজট লাগে পুরোনো ২৭ নম্বরে ঢোকার মুখে, শংকর, ৯/এ ও জিগাতলায়। ৭/এ সড়কে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বলেন, এ সড়কে যানজট শুরু হয় সকাল সাতটা থেকে। প্রথম ধাপ চলে নয়টা পর্যন্ত। এরপর আবার ১১টার পর থেকে ৩টা পর্যন্ত চলে আরেক দফা চাপ। তিনি বলেন, প্রায় প্রতিটি গলিতেই শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোর সময়সূচিও একই। ফলে এই ভিড় সামলাতে তাঁদের হিমশিম খেতে হয়। উপরন্তু অফিসগামী মানুষ তো আছেই। সড়কজুড়ে বাস থামা প্রসঙ্গে এই সার্জেন্ট বলেন, ‘কিছু বললে যাত্রীরাই খেপে যায়। আবার তারাই অভিযোগ করে।’
ট্রাফিক দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার হাসান মোস্তফা বলেন, ‘এ সড়কের মূল সমস্যা গাড়ি ও রিকশা বেশি। ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক এলাকা হয়ে গেছে। ১০০টির ওপরে আছে শিক্ষাপ্রতিষ্ঠানই।’ হাসান মোস্তফা আরও বলেন, প্রত্যেক শিশুর সঙ্গেই একটি করে গাড়ি আসে। এটাকে তাঁরা কৌতুক করে ‘একটি শিশু, একটি গাড়ি প্রকল্প’-এর সড়ক বলে থাকেন।