'একটি শিশুকেও রাস্তায় ঘুমাতে দেব না'
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘দেশের একটি শিশুকেও রাস্তায় ঘুমাতে দেব না। তারা রাতে আশ্রয়কেন্দ্রে থাকবে। সকালে স্কুলে যেতেই হবে।’
আজ রোববার পথশিশুদের পুনর্বাসনের জন্য এক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বিভিন্ন এনজিওকে পথশিশুদের আশ্রয় এবং শিক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়ার আহ্বান জানান।
মাদক ও ভাঙারি ব্যবসায়ীসহ যাঁরা পথ শিশুদের জিম্মি করছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন মেহের আফরোজ চুমকি।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রকল্প এ সভার আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সমাজকল্যাণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, দাতা সংস্থা সেভ দি চিলড্রেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), পথশিশুদের নিয়ে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার রাস্তা থেকে যাতে শিশুদের ধরে শুধু আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দায়িত্ব শেষ না করে সে আহ্বান জানান এনজিও ও দাতা সংস্থার প্রতিনিধিরা।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কারওয়ান বাজার, ফার্মগেট, তেজকুনী পাড়া ও তেজগাঁও এলাকার পথ শিশুদের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিক ভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ সিটি করপোরেশনের কমলাপুর এলাকাকে পথ শিশু মুক্ত করা হবে। তারপর এ দুইটি ওয়ার্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য এলাকায় কাজ করা হবে।
সভায় মাল্টিসেক্টরাল প্রকল্প পরিচালক আবুল হোসেন উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে পরিচালিত এক জরিপের ফলাফল তুলে ধরেন। জরিপে অংশ নেওয়া ৩১৭ শিশুর মধ্যে ৭০ ভাগই পুনর্বাসনে আগ্রহ প্রকাশ করেছে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম উপস্থিত ছিলেন।