‘একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মায়ের মুখে ‘আসমানী’ কবিতার একটা লাইন শুনেছিলাম, “একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।” ‘এখন দেখি আমাদের স্কুলের অবস্থাই এমন। এখন তো যেমন-তেমন, বর্ষা এলে ক্লাস করা মুশকিল।’ কথাগুলো মাদারীপুরের কালকিনি উপজেলার ৪৮ নম্বর শিকার মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. রবিউলের।জানা গেছে, ১৯৯৬ সালে তিন কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। কয়েক বছর পর সেটির দরজা-জানালা ভেঙে যায়। খসে পড়তে থাকে পলেস্তারা। নানাবিধ সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলছে এর কার্যক্রম। পাঠদান চলে খোলা আকাশের নিচে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৬০, শিক্ষক চারজন। এ বিদ্যালয় থেকে তিন বছর ধরে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং প্রতিবছরই টেলেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি পেয়ে আসছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরভী বলে, ‘স্কুল বিল্ডিংয়ের (ভবনের) পলেস্তারা খসে পড়ে। ক্লাস করার সময় চোখে বালু ঢোকে।’ চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ ফরিদ ও রাবেয়া জানায়, স্কুলের দরজা-জানালা না থাকায় গরু-ছাগল ঢুকে শ্রেণীকক্ষ নষ্ট করে রাখে। প্রতিদিন সেসব তাদের পরিষ্কার করতে হয়।শিকার মঙ্গল এলাকার অভিভাবক আলতাফ হোসেন বলেন, ‘পোলাপান স্কুলে পাঠাতে ভয় হয়। কখন জানি কোন বিপদ হয়। আবার না পাঠায়াও পারি না। লেখাপড়া তো করাতে হবে।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী খানম বলেন, ‘শুধু শিক্ষার্থীরাই নয়, আমরাও জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করাই। দরজা-জানালা নেই, তাই অভিভাবকেরা আমাদের দোষারোপ করেন।’প্রধান শিক্ষক তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের ভবনের অবস্থা ভালো নয়। দরজা-জানালার একটারও কবাট নেই। একটুখানি বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। গত ২০০৩ সাল থেকে মাসিক বৈঠকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওপর মহলে বিষয়টি আমরা জানিয়েছি।’