'একডার সিল এইহানে মারবেন'
‘আপনারে যে তিনটা ব্যালট দেওয়া অইছে, হের মধ্যে একডার সিল এইহানে মারবেন। বাকি দুইডা মারবেন ভিতরে যাইয়া।’ গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন চলাকালে রংধনু প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কক্ষে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীর এক পোলিং এজেন্ট এ কথা বলছিলেন একজন ভোটারকে। ওই ভোটার তখন মেয়র প্রার্থীর ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে ভোট দেওয়ার গোপন কক্ষে চলে গেলেন।
ভোট দিয়ে বেরিয়ে আসার পর ওই ভোটারের কাছে জানতে চাইলে তিনি বললেন, ‘হ্যারা কইলো, এইহানে সবই নৌকা। অন্য প্রার্থী নাই। তাই সব্বাইর সামনেই নৌকায় ভোট দিছি।’ এর প্রমাণ পাওয়া গেছে ফলাফলে। আওয়ামী লীগ প্রার্থী কাজী লিয়াকত আলী প্রায় ১৩ হাজার ভোটে হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থীকে।
ওই ভোটকেন্দ্রের আটটি পোলিং বুথে গিয়ে একই চিত্র দেখা গেল। বুথগুলোতে মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা ছাড়া অন্য প্রতীকের কোনো এজেন্ট নেই। কাউন্সিলর প্রার্থীর এজেন্টরা রয়েছেন। নৌকা প্রতীকের এজেন্টরা তাঁদের আসনে বসার পরিবর্তে দাঁড়িয়ে আছেন পোলিং কর্মকর্তাদের পাশে। তাঁরা ভোটারদের হাতে ব্যালট দেওয়ার পরপরই নৌকায় ভোট দেওয়ার নির্দেশনা দিচ্ছিলেন।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. সালেহ আল রেজা কোনো মন্তব্য না করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। এ সময় পুলিশের একজন কর্মকর্তা পোলিং বুথে এ ধরনের অনিয়মের বিষয়ে এজেন্টদের সতর্ক করলে খেপে ওঠেন তাঁরা। সব বুথ থেকে এজেন্টরা বেরিয়ে এসে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষেই ওই পুলিশ কর্মকর্তাকে শাসান। তাঁদের একজন বলে ওঠেন, ‘আপনার দায়িত্ব ভোটকেন্দ্রের বাইরে। ভেতরের বিষয়ে আপনি নাক গলাবেন না। আর আমরা অন্যায় করলে যদি কেউ লিখিত অভিযোগ দেয়, তখন প্রিসাইডিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।’ মারমুখী ওই সব এজেন্টের আচরণ দেখে পিছু হটেন ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ওই পুলিশ কর্মকর্তাকে এ বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানও তাঁকে বিষয়টি নিয়ে খুব বেশি কথা না বাড়ানোর কথা বলেন। জাতির বৃহত্তর স্বার্থে নৌকা প্রতীকের জন্য কর্মীরা যে কাজ করছেন, সেটাকে সঠিক বলে উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জ পৌরসভার ১৯টি ভোটকেন্দ্র ঘুরে প্রায় সবগুলোতে ভোটের এ ধরনের চিত্র দেখা গেছে। অধিকাংশ কেন্দ্রে বিএনপি কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি। ফলে ভোটাররা একচেটিয়াভাবে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন। নৌকা প্রতীকের কর্মীদের ‘আবদারে’ বিএনপির একজন কাউন্সিলর প্রার্থীও প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছেন। বিএনপির মেয়র প্রার্থীর একাধিক আত্মীয়স্বজনও প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছেন বলে জানা গেছে।
তবে কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভোটের সময় ভোটারের উপস্থিতিও ছিল ব্যাপক। পাশাপাশি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জেলা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা সচেষ্ট ছিলেন মেয়র পদে দলীয় প্রার্থীর ভোট নিশ্চিত করতে।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মুশফিকুর রহমান লিটন (প্রতীক জগ) তাঁর এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। কিছুক্ষণ পরেই তিনি অভিযোগ করেন, অধিকাংশ কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী মো. তৌফিকুল ইসলাম এ নির্বাচনকে প্রহসন হিসেবে মন্তব্য করে পুনর্নির্বাচন দাবি করেন।