'একতরফা নির্বাচন করতে চাই না'
সুর পাল্টালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ২৪ ঘণ্টা পার হতে না হতেই নিজের অবস্থান পরিবর্তন করে গতকাল রোববার বললেন, ‘আমরা একতরফা নির্বাচন করতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে। বিরোধী দল সংসদে এসে আগামী নির্বাচন নিয়ে প্রস্তাব দিতে পারে।’
এর আগের দিন শনিবার যুবলীগের এক অনুষ্ঠানে নাসিম বলেছিলেন, বিএনপি না এলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ একাই নির্বাচন করবে।
গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম আরও বলেন, সংবিধান মানা সবার দায়িত্ব। এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপার নয়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থান নিয়ে কোনো সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নেই। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন ও সাউথ-সাউথ পুরস্কার লাভের জন্য ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেন, বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর ওপর দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের এই হুমকি নির্বাচনে বাড়তি সুবিধা আদায়ের জন্য। গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।