‘একবার এসো এসো হে গৌরগোমনি’ গানের সঙ্গে নেচে নেচে কিশোরীর দল লাল শাড়ি পরে এগিয়ে আসছে ঠাকুরের আসনের দিকে। উপস্থিত লোকজন তাদের গায়ে ছিটিয়ে দিচ্ছে গাঁধা ফুলের পাপড়ি। কিশোরীদের একজনের হাতে ফুলের ডালি আরেকজনের হাতে প্রদীপ। ঠাকুরের সামনে ফুল আর প্রদীপ রেখে ভক্তি জানায় তারা। রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট কলেজ মাঠে এভাবেই গতকাল শুক্রবার সকালে শুরু হয় মাহলে সম্প্রদায়ের জিতিয়া পার্বণ।
অনুষ্ঠানের শুরুতে গতকাল মাহলে সম্প্রদায়ের নারী-পুরুষেরা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের বিশেষ প্রার্থনা শেষে চলে আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মাহলে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মেরিনা হাসদা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পবা ইউএনও রাজ্জাকুল ইসলাম এবং বেসরকারি সংস্থা অক্সফামে স্থানীয় প্রতিনিধি উজ্জ্বল আজিজ ও অনিন্দিতা সরকার। এতে বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি জোগেন্দ্রনাথ সরেন, মাহলে ঠাকুর সৃষ্টি বারেক প্রমুখ।
আলোচনা শেষে জিতিয়া প্রীতিভোজ ও ঝুমের উৎসব (নাচ-গান) আয়োজন করা হয়।