‘একবেলা খাওনই জোডে না, আবার ঈদ!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদ আইলেই পোলাপানগুলায় খালি নতুন জামার লাইগ্গা চিরহ্যায়। গুড়াগাড়ায় কী বোঝে কন, মানষের পোলাপানরে দ্যাহে ঈদে নতুন জামা গায় দেয়, হেইতে অরাও চায়। কিন্তু দিমু ক্যানে। একবেলা খাওনই জোডে না, আবার ঈদ! মোগো কি আর ঈদ আছে।’ কথাগুলো ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের জেলে ইউনুসের স্ত্রী রাবেয়া বেগমের। ঘূর্ণিঝড় সিডরে ইউনুসের মতো পাথরঘাটা উপজেলার ১৭৬ জন জেলে নিখোঁজ হন। যে সদস্যের আয়ে সংসার চলত, তিনি নিখোঁজ থাকায় এসব পরিবারের অভাব-অনটন বেড়ে গেছে। তাদের ঈদের আনন্দ স্বজন হারানোর শোক আর অভাবের কারণে ম্লান হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে পাথরঘাটার বলেশ্বর নদের তীরের চরলাঠিমারা গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। ঈদ এখানের বাসিন্দাদের মনে আনন্দের চেয়ে কষ্টই বয়ে এনেছে। এই গ্রামের নিখোঁজ জেলে ইউনুসের স্ত্রী রাবেয়া (২৪) অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। সেখান থেকে যে খাবার পান, তা ভাগ করে দুই ছেলে সুমন (৩) ও নয়নকে (৫) নিয়ে আধপেটে তাদের দিন কাটে। এই গ্রামের আরেক জেলে বাবুল খাঁর স্ত্রী কোহিনূর (২৮) দুই ছেলেমেয়ে মনি (১৪), আল আমিন (৮) ও শাশুড়ি হারিতুননেছাকে (৭৫) নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। কোহিনূর বলেন, ‘মানষের বাড়ি কাজ কইর‌্যা যা পাই, হেই দিয়া দিনে একবেলা কোনো রহম খাই।’