'একসঙ্গে বসবাসে সমস্যা হতেই পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সৌমনাথ হাওলাদার বলেছেন, একসঙ্গে বসবাস করলে সমস্যা হতেই পারে। মন্দিরে হামলার ব্যাপারে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। দক্ষিণ কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্য অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সঙ্গে ৮-১০ জন সহযোগী নিয়ে মন্দিরের পূর্বদিকের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেন। এ সময় তারা মন্দিরের অফিস কক্ষ দখল করার চেষ্টা করে। তাদের বাধা দিলে তারা পিস্তল দিয়ে গুলি করতে উদ্যত হয়। পরে এ ঘটনায় শফিকুল ইসলামকে প্রধান আসামি করে আরও ১০ জনের নামে সদর থানায় একটি মামলা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।