'একসময় তো আমরাই ছিলাম একমাত্র ভরসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলের বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। বিয়ে পর্যন্ত করা হয়নি তাঁর। হোমিও চিকিৎসা শুরুর সেই সময়ে এখনকার মতো আধুনিক চিকিৎসার প্রসার ছিল না বলে রোগ-সেবায় ব্যস্ত ছিলেন তাঁরা। ‘একসময় তো আমরাই ছিলাম একমাত্র ভরসা’—এমন প্রতিক্রিয়া বীরেন্দ্রনাথের।
গতকাল শুক্রবার তাঁর মতো আরও চারজন প্রবীণ হোমিও চিকিৎসককে ‘হ্যানিম্যানীয় সম্মাননা’ দিয়ে তাঁদের কর্মজীবনকে অভিনন্দিত করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ‘বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ২০১৫’ উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অনুষ্ঠান। বীরেন্দ্রনাথ ছাড়াও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সমরেন্দ্র নারায়ণ দাশ, সিলেটের সারওয়ার আহমদ, মৌলভীবাজারের বড়লেখার মো. মামুন বখত ও ময়মনসিংহের বিশ্বজিৎ রায়কে সম্মাননা দেওয়া হয়।
হোমিওপ্যাথিক পরিষদের সিলেট জেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিম। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান শিব্বির আহমদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য আবদুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।