'একাত্তরে ইউসুফ রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী সুনীল কুমার ডাকুয়া (৬৭)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকালে ইউসুফ রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সুনীলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে সুনীল কুমার ডাকুয়া বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। মুক্তিযুদ্ধ শুরু হলে ইউসুফ শান্তি কমিটির চেয়ারম্যান হন এবং রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধকালে ৩০ আশ্বিন বিকেলে তিনি এলাকার হাটে গিয়ে দেখেন, ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকার হাট ঘিরে ফেলেছে। রাজাকাররা হাট থেকে তাঁকেসহ ২২ জনকে আটক করে মঘিয়া মোড়ে নিয়ে যায়। সেখানে রাজাকাররা প্রথমে তাঁর মামাকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর ধুতি খুলে নিয়ে তা দিয়ে ছয়জনকে বেঁধে গুলি করে হত্যা করে। তাঁকে গুলি করা হলে গুলিটি পিঠ দিয়ে ঢুকে বুকের বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি পড়ে যান। রাজাকাররা চলে যাওয়ার পর তিনি দেখেন, কেবল তিনি বেঁচে আছেন, বাকি ২১ জনকেই হত্যা করা হয়েছে। পরে দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে নিয়ে যান। জবানবন্দির এই পর্যায়ে সুনীল তাঁর ক্ষতস্থান ট্রাইব্যুনালে দেখান। সুনীলকে আসামিপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।