'একাত্তরে বিচার হয়নি, তাই বিচারহীনতার সংস্কৃতি চলছে'
১৯৭১ সালে যৌন সহিংসতার বিচার হয়নি বলেই এখনো এই অপরাধের বিচার হয় না। অথচ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে রক্ত ও যৌন সহিংসতার বিনিময়ে। গতকাল বুধবার ঢাকা আর্ট সেন্টারে অব দ্য নেশন বর্ন শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।
নারীদের নিয়ে, নারীদের জন্য, নারীদের দিয়ে পরিচালিত দিল্লিভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘যবান’ অব দ্য নেশন বর্ন শীর্ষক বইটি প্রকাশ করে। দক্ষিণ এশিয়ায় যৌন সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে একটি গবেষণা প্রকল্পের আওতায় এ বইটি প্রকাশ করা হয়। প্রকল্পের আওতায় নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের ওপরও বই প্রকাশ করার কাজ চলছে। বাংলাদেশ থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন আইন ও সালিস কেন্দ্রের গবেষণা পরিচালক হামিদা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আমেনা মহসিন। বইটি প্রকাশে সহযোগিতা করেছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।
বইটির ওপর আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ‘বিচারের বিভিন্ন পর্যায়ে যে যে ব্যক্তি ও যে যে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদের ভূমিকা কী হবে সেটি ঠিক করতে হবে।’ যবানের প্রতিনিধি লক্ষ্মী মূর্তি বইটিকে যৌন সহিংসতার বিষয়ে নীরবতা ভাঙার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানে আইডিআরসির প্রতিনিধি নবশরণ সিং বলেন, ‘বিচারহীনতা চলছে। কারণ, ১৯৪৭ সালের ইস্যুগুলোর কোনো সমাধান হয়নি। তারই প্রকাশ আমরা দেখেছি ১৯৭১ সালে।’ পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন সম্পর্কে বইটির অন্যতম লেখক ও হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইলিরা দেওয়ান এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামিদা হোসেন। বইটি বাংলায় প্রকাশ করবে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।