'একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাথা' প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের। এ নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে সহ্য করা হবে না।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের বক্তব্যের সমালোচনা করেন আরেফিন সিদ্দিক।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানের আরও বক্তব্য দেন নৌ-কমান্ডো বদিউল আলম বীর উত্তম, শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, সরদার মহসীন আলী বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুল ইসলাম বীর প্রতীক, ক্যাপ্টেন শাহাবুদ্দিন বীর উত্তম, শাহজাহান কবির বীর প্রতীক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহজাহান কবির বীর প্রতীকের লেখা এ বইটিতে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো, ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের নাম ও সেক্টর এলাকাসহ তিনটি বিগ্রেড ফোর্সের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া নৌ-কমান্ডো বাহিনী, বিমানবাহিনী গঠন ও প্রশিক্ষণ এবং বিভিন্ন যুদ্ধের তথ্য তুলে ধরা হয়েছে।
বইয়ের দ্বিতীয় পর্বে ৭১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার দুঃসাহসিক অভিযানগুলো তুলে ধরা হয়েছে। এঁদের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠ, ১২ জন বীর উত্তম, আটজন বীর বিক্রম ও ৪৪ জন বীর প্রতীকের ছেলেবেলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন দুঃসাহসিক অভিযান ও তাঁদের বর্তমান অবস্থান তুলে ধরা হয়েছে।