চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, শহীদজননী জাহানারা ইমামের ঘাতক দালালবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছে। সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনার আলোর মশাল জ্বলে উঠেছে। সত্যের আলোর মশাল জ্বেলে মিথ্যাকে পরাজিত করে একাত্তরের ঘাতক দালাল রাজাকারদের বিচার নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অনুপম সেন এসব কথা বলেন। প্রমা আবৃত্তি সংগঠন এর আয়োজন করে। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান।
মুশতারী শফী বলেন, জাহানারা ইমাম দৃৃঢ় প্রত্যয় নিয়ে গণ-আদালত গঠন করে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে আন্দোলন গড়ে তোলেন।
মাহফুজুর রহমান বলেন, বিচারব্যবস্থা স্বাধীন করার মধ্য দিয়ে ঘাতক দালালদের বিচার নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে শহীদজননী জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাহানারা ইমামের জীবনবৃত্তান্ত পড়ে শোনান শর্মিষ্ঠা বড়ুয়া। শহীদজননীকে নিবেদিত কবিতা পাঠ করেন কঙ্কণ দাশ, মোহিত বিশ্বাস, সাইফুর রহমান, নাজমুল আলীম।