১৯৭১ সালের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য গড়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের সর্বদলীয় প্রতিরোধ কমিটি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের এক সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, লুটতরাজ রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আজ থেকে শুরু হওয়া হরতাল প্রতিরোধের ঘোষণাও দেওয়া হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একাত্তর সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ আবার একাত্তরের সব শক্তি মোর্চা গড়েছি। যারা রাজাকার, তাঁদের ফাঁসির রায় হয়েছে। কেউ রাজাকারের পক্ষ নেবে, এটা মেনে নেব না।’হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে জামায়াত-শিবিরকে রুখে দাঁড়াব। প্রতিক্রিয়াশীল ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবই। জামায়াত শক্তি দেখালে আমরাও শক্তি দেখাব।’সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, সারা দেশের মানুষ বুঝতে পেরেছে, কাদের বদৌলতে রাজাকার-আলবদররা আস্ফাালন দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগেছে। একাত্তরের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক কবর রচনা হবে।সমাবেশে বক্তারা পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। আজ থেকে শুরু হওয়া হরতালে নিজ নিজ এলাকার মূল সড়কে অবস্থান নিয়ে হরতাল প্রতিরোধ করার ঘোষণাও দেওয়া হয়।সমাবেশে সিপিবি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের সময়কার মুসলিম লীগের অবস্থানে ফিরে গেছে। শহীদ মিনার ও জাতীয় পতাকার যারা অবমাননা করে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির ঐক্য গড়ে তাদের প্রতিহত করতে হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামে জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আইবি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুনীল সরকার, সিপিবি চট্টগ্রামের সভাপতি মৃণাল চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, শিক্ষক সমিতিসহ বিভিন্ন ছাত্র-যুব ও শ্রমিক সংগঠনের নেতারা।