মানবতাবিরোধী অপরাধের বিচার: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ
'একাত্তরের রাসপুটিন' সাকা চৌধুরীর শাস্তি দাবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের সেই রাসপুটিন, যে রাসপুটিনকে উনি খুঁজে বেড়াচ্ছেন। আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে ও চিনতে পারবেন, এই জাতি এই রাষ্ট্র তাঁর মতো রাসপুটিনকেই খুঁজে বেড়াচ্ছে। তাঁর শাস্তি হতে হবে।’বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি দেয়। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে গতকাল যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, সাকা চৌধুরী তাঁর জবানবন্দিতে বলেছেন, বাংলাদেশের প্রশাসনের ‘রাসপুটিনদের’ খুঁজে বের করা দরকার। নিজেকে ধর্মযাজক দাবি করা রাশিয়ার রাসপুটিন ছিলেন ইতিহাসের নৃশংস খুনি ও নির্যাতনকারী। জীবনে কোনো উপাসনালয়ে না গিয়ে, ধর্মীয় আচার-আচরণ পালন না করে বা কোনো গির্জার সঙ্গে সম্পৃক্ত না থেকে রাসপুটিন নিজেকে ধর্মীয় গুরু দাবি করতেন। সাকা চৌধুরীর জবানবন্দিতে বিবৃত তাঁর জীবনবোধ বা জীবনাচরণ প্রমাণ করে, তিনি ধার্মিক মুসলমান বা ইসলামি মূল্যবোধসম্পন্ন ব্যক্তি নন। অথচ তিনি দাবি করেন, মুসলিম উম্মাহর একজন সদস্য বলেই কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের গঠন করা এই ট্রাইব্যুনালে তাঁর বিচার করা হচ্ছে। তিনি একাত্তরের সেই রাসপুটিন, যে রাসপুটিনকে তিনি নিজে খুঁজে বেড়াচ্ছেন।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, ‘আসামির কাঠগড়ায় বসা সালাউদ্দিন কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাঁর অহংকার, তাঁর দম্ভ এই আদালতকক্ষের মানুষ ঘুরেফিরে দেখেছেন। তিনি বারবার বলেন, তিনি একজন সাংসদ, ৩৩ বছর ধরে আইন প্রণয়ন করছেন। কিন্তু তাই বলে তো তিনি আইনের ঊর্ধ্বে নন। সংবিধানের ওপর হাত রেখে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, সেই আইনের শাসনের ওপর ওনার আস্থা থাকবে না কেন?’
এই মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাকা চৌধুরী। ওই জবানবন্দি উদ্ধৃত করে তুরিন আফরোজ বলেন, সাকা চৌধুরী বলেছেন, জন্মসূত্রে তিনি চাটগাঁইয়া। কিন্তু ১১ বছর বয়সে তিনি চট্টগ্রাম ছেড়েছেন, সত্তরের নির্বাচনে যখন তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী প্রার্থী হয়েছেন, তখন ২১ বছরের হওয়া সত্ত্বেও সাকা চৌধুরী নিজ এলাকায় ভোটার হননি। তাঁর দাবি, তিনি আইয়ুববিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনেছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এত নিবেদিতপ্রাণ কর্মী হয়েও তিনি একাত্তরের ২৯ মার্চ সেই যে দেশ ছেড়ে চলে গেলেন, আর ফিরলেন কি না ১৯৭৪ সালে? আইয়ুববিরোধী আন্দোলনের এত বড় নেতা বা কর্মী, তিনি বিদেশে গিয়ে বাংলাদেশের জন্য কী করেছেন? লাহোর থেকে গাড়ি চালিয়ে লন্ডনে যাওয়ার মতো অ্যাডভেঞ্চার আর কাগান উপত্যকার সৌন্দর্য উপভোগ করেছেন।
তুরিন আফরোজ বলেন, জবানবন্দিতে সাকা চৌধুরী বলেছেন, তিনি জন্মসূত্রে বাংলাদেশি নন, বরং পছন্দ করে বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছেন। এই পছন্দের চর্চা তিনি কবে থেকে শুরু করলেন? জবানবন্দি অনুসারে ১৯৭৪ সালের এপ্রিলে তিনি দেশে ফেরেন। এত দিন পর্যন্ত এ পছন্দের চর্চার ইচ্ছা তাঁর হয়নি। তিনি বলেছেন, একাত্তরের ১০ অক্টোবর বাবার সঙ্গে তাঁর শেষ দেখা হয়। ১৯৭৩ সালের ১৮ জুলাই তাঁর বাবা মারা গেলেন, অথচ তাঁর বাংলাদেশে আসতে ইচ্ছা হলো না? এমন নয় যে বাবা মারা যাওয়ার দু-এক দিন আগে দেখা হয়েছিল, নানা কারণে আসতে পারেননি। তাঁর জবানবন্দির পুরো বক্তব্যের মধ্যে এমন অজস্র অসংগতি রয়েছে। আসামির জবানবন্দি যেমন অসংগতিতে পরিপূর্ণ; তেমনি তাঁর জাতীয়, সামাজিক ও রাজনৈতিক পরিচিতিও অসংগতিপূর্ণ। তিনি যা দেখেন তা বোঝেন না, যা বোঝেন তা করেন না, যা করেন তা মানেন না।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, দ্বিজাতিতত্ত্ব হচ্ছে এমন একটি ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, যার ফলে হিন্দু ও মুসলিম দুটি রাষ্ট্রের জন্ম হয়। সেই তত্ত্ব সমর্থনের মধ্য দিয়ে আসামির মানসিকতা বোঝা যাচ্ছে। তাঁর পক্ষেই বলা সম্ভব, হিন্দুদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাঁর পক্ষেই বলা সম্ভব, ‘ওই লোকটা ডেঞ্জারাস...ওকে মেরে ফেল।’
এর আগে আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ অপরাধের যে তিন ধরনের দায়দায়িত্বের উল্লেখ আছে, এর প্রতিটি সাকা চৌধুরীর ওপর বর্তায়। ৩(২) ধারায় ব্যক্তিগত দায়, ৪(১) ধারায় যৌথ অপরাধের দায় এবং ৪(২) ধারায় ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়—সবই তাঁর করা অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মৌখিক সাক্ষ্য এবং দালিলিক নথিতে অপরাধে তাঁর অংশগ্রহণ ও উপস্থিতি প্রমাণ হয়। সাক্ষ্যে এসেছে, তিনি কখনো পাকিস্তানি সেনাদের সঙ্গে, কখনো অনুসারী বা সঙ্গীদের সঙ্গে অপরাধ করেছেন। অর্থাৎ অপরাধগুলো গোষ্ঠীগত সংঘটিত হয়েছে। ওই গোষ্ঠীগত অপরাধের দায়ভার গোষ্ঠীর অন্য সব সদস্যের মতো আসামির ওপরও সমানভাবে বর্তায়। অপরাধের সঙ্গে আসামির অংশগ্রহণের মাত্রা এখানে দেখার প্রয়োজন নেই। শাস্তি হবে পুরো অপরাধের গভীরতা অনুসারে।
সাকা চৌধুরীর শাস্তি দাবি করে কৌঁসুলি বলেন, ট্রাইব্যুনালস আইনের ৫(২) ধারা ছাড়া আইনের কোথাও প্রশমিত শাস্তি দেওয়ার সুযোগ নেই। ওই ধারায় আছে, সরকারি কোনো পদে থাকলে আসামি অপরাধের দায়দায়িত্ব থেকে মুক্তি পাবেন না, তবে তাঁর ক্ষেত্রে ট্রাইব্যুনাল প্রশমিত শাস্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কেন এ বিষয়ে যুক্তি দিচ্ছেন? জবাবে তুরিন আফরোজ বলেন, অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যুক্তি হিসেবে এটা বলা হচ্ছে। ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের আগের রায়ের জন্য আপনি অপ্রাসঙ্গিকভাবে এ বিষয়টি এনেছেন। শাস্তি প্রশমিত করা হবে কি না, এ বিষয়ে সব সময় আইনে উল্লেখ থাকার দরকার নেই। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে।’ কৌঁসুলি বলেন, এটা রাষ্ট্রপক্ষের যুক্তি। এটা যে গৃহীত হবেই, এমন কোনো কথা নেই।
ট্রাইব্যুনাল-১ গত ১৫ জুলাই জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড দেন। গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ট্রাইব্যুনাল তাঁকে প্রশমিত ওই শাস্তি দেন।
সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল আগেই চার দিন নির্ধারণ করেছেন।
পরে রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি জেয়াদ-আল-মালুম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।