‘একুশ আমাদের প্রেরণার উৎস’
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘ভাষা ও আমাদের জাতীয় চেতনা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলা ভাষার মান বিকৃত হলে দেশে ভাষাভিত্তিক বিকাশ ব্যাহত হবে। ভাষার নিজস্বতা ও স্বকীয়তা বজায় রাখতে হবে। একুশ আমাদের ভাষাকে বিশ্বে উপস্থাপনের পাশাপাশি ও জাতীয়তাবোধের চেতনাকে সমৃদ্ধ করেছে। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, ছড়াকার নূর মোহাম্মদ রফিক, দৈনিক পূর্বকোণ-এর যুগ্ম বার্তা সম্পাদক আবু তাহের মোহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।আবুল মোমেন বলেন, ‘উনবিংশ শতাব্দীর গোড়া থেকেই বাংলায় শক্তিশালী সাহিত্য তৈরি হয়েছে। তাই বাঙালি জাতীয়তাবোধ শক্তিশালী হয়েছে এবং বায়ান্নতে আমরা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। শিক্ষার জন্য ভাষাকে ব্যবহার করতে চাইলে শক্তিশালী সাহিত্য দরকার।’ মূল প্রবন্ধে নুরুল আমিন বলেন, বাঙালির ভাষা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল স্বকীয় সংস্কৃতির ভিত তৈরি করে নিজস্ব জাতীয় সত্তা তৈরি করা। একমাত্র ভাষার মাধ্যমেই একটি জাতি বা জনগোষ্ঠীকে আলাদাভাবে প্রতিষ্ঠা করা যায়। বক্তারা বলেন, ‘অমর একুশে আমাদের জাতীয় জীবনে একটি মাইলফলক। একুশের চেতনার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ বিকাশ এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিশ্বের দরবারে নিজেদের স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করতে পেরেছি।’