'একুশ'-এর ভাগ্য নির্ধারণ আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িয়ে পাওয়া এই শিশুটির নাম ‘একুশ’। এক মাস আগে চট্টগ্রাম নগরের একটি ডাস্টবিনে পাওয়া যায় তাকে। চিকিৎসক, নার্সসহ সবার চেষ্টায় সুস্থ হয়ে উঠেছে সে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l জুয়েল শীল
কুড়িয়ে পাওয়া এই শিশুটির নাম ‘একুশ’। এক মাস আগে চট্টগ্রাম নগরের একটি ডাস্টবিনে পাওয়া যায় তাকে। চিকিৎসক, নার্সসহ সবার চেষ্টায় সুস্থ হয়ে উঠেছে সে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l জুয়েল শীল

এমনিতে খুব শান্ত বাচ্চা। শুধু খিদে পেলে কাঁদে। একটাই প্রার্থনা, সে যেন ভালো কোনো পরিবারে যায়—স্নেহমাখা কণ্ঠে বললেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুজা বড়ুয়া। তাঁর এই আকুতি ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া শিশু ‘একুশ’-এর জন্য। আজ বুধবার চট্টগ্রাম আদালতে ভাগ্য নির্ধারণ হতে পারে শিশুটির।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ছোট্ট বিছানায় শুয়ে হাত-পা নাড়িয়ে খেলা করছিল এক মাস বয়সী শিশু একুশ। বিছানার পাশে দাঁড়িয়ে শিশুটিকে আদর করছিলেন রুজা বড়ুয়া। গত কয়েক দিনে শিশুটির সঙ্গে বেশ ভাব হয়েছে তাঁর। তিনি প্রথম আলোকে বলেন, এই শিশুর নতুন ঠিকানা কোথায় হবে, তা কালকেই (আজ) ঠিক হবে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া যায় শিশুটিকে। তাকে সন্তানের মতো লালন করতে আদালতে ১৪টি আবেদন জমা পড়েছে বলে জানান সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ। তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী, চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা, গৃহিণী ও শিক্ষিকা। তাঁদের কেউ নিঃসন্তান, কারও বা ছেলে নেই। তাঁদের মধ্যে কে শিশুটির লালন-পালনের দায়িত্ব পাবেন, সে বিষয়ে আজ আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।

হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকেরা বলেন, সুস্থ একুশ যাতে অসুস্থ শিশুদের মাধ্যমে সংক্রামিত না হয়, এটিই এখন তাঁদের প্রধান চাওয়া। নবজাতকটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার জন্য ইতিমধ্যে তিনবার হাসপাতালের পরিচালক বরাবর আবেদন করেছেন ওয়ার্ডটির চিকিৎসকেরা।

নবজাতক বিভাগের প্রধান জগদীশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, শিশুটি এখন সুস্থ। কিন্তু কিছুদিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয়েছিল। এখানে আসা শিশু রোগীদের মধ্যে থেকে সুস্থ শিশুটির আবারও জীবাণুতে সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। সে জন্য যত দ্রুত সম্ভব তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া প্রয়োজন।

নবজাতক পরিচর্যা কেন্দ্রের আরেক জ্যেষ্ঠ নার্স বন্দনা প্রভা দাশ বলেন, ‘এ রকম একটা ফুটফুটে শিশুকে কীভাবে ফেলে দিল, ভাবতেই পারি না। ওর ওপর সবার খুব মায়া জন্মে গেছে। তারপরও একুশ একটি পরিবার পাবে, এটা ভাবলেই আনন্দ লাগে।’

হাসপাতাল সূত্র জানায়, এখানে আনার পর নবজাতক ওয়ার্ডের অন্য প্রসূতি মায়েরা শিশুটিকে বুকের দুধ পান করিয়েছেন। তবে এক সপ্তাহ ধরে শিশুটিকে বিকল্প দুধ খাওয়ানো হচ্ছে।

শিশুটির জন্মদাতা মা-বাবা কে, তা খুঁজে বের করতে গত ২৮ ফেব্রুয়ারি পুলিশকে নির্দেশ দেন প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস। গতকাল পর্যন্ত শিশুটির মা-বাবার খোঁজ পায়নি পুলিশ।

কর্নেলহাটের যে এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তা চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, একুশের মা-বাবা কে, তা জানতে পারেননি তাঁরা। বিষয়টি আদালতকে লিখিতভাবেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

হাসপাতালে শিশুটির নিরাপত্তা তদারকের দায়িত্বে রয়েছেন আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আলম। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিদিন পুলিশের তিনজন নারী সদস্য ২৪ ঘণ্টা শিশুটির পাহারায় কাজ করছেন। তিনি নিজেও দিনে একবার শিশুটিকে দেখে আসেন। তিনি বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পর ওসি স্যার (আলমগীর মাহমুদ) নাম রাখেন একুশ। একুশের প্রথম প্রহরে ওকে উদ্ধার করায় এ নাম রাখা হয়েছে।’

পুলিশ জানায়, ২০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকার একটি ভবনের পেছনে ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেছিলেন চার তরুণ। তাঁদের একজন চট্টগ্রাম নগরের কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী সাব্বিরুল আলভী।

শিশুটিকে উদ্ধারের ঘটনাটি শোনা যাক আলভীর মুখ থেকে—‘সেদিন রাত ১০টার দিকে একটি দোকানে বসে আমরা কয়েক বন্ধু গল্প করছিলাম। কিছুক্ষণ পর ছোট্ট শিশুর কান্নার মতো শব্দ শুনতে পাই। এরপর আশপাশে খুঁজতে থাকি আমরা। একসময় দেয়ালঘেরা একটি খালি জায়গায় মোবাইলের আলো ফেলতেই ময়লার স্তূপে শিশুটিকে পড়ে থাকতে দেখি। তখনো শিশুটির গায়ে রক্ত লেগে ছিল। শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বিষয়টি আকবর শাহ থানায় জানাই।’