নরসিংদীর ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী ৩২ কিলোমিটার আঞ্চলিক সড়কের প্রায় পুরোটাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ জায়গায় গর্তের গভীরতা ও আকার এতটাই বড় যে ছোট-বড় যেকোনো ধরনের গাড়ি উল্টে যেতে পারে। দুর্ঘটনা আর যাত্রী দুর্ভোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে বাস-ট্রাক শ্রমিক সমিতি।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, নরসিংদীর মনোহরদী, শিবপুর ও বেলাবো উপজেলার জনগোষ্ঠীর রাজধানীসহ তাদের জেলা শহরে যাতায়াতের প্রয়োজনে ১৯৯০ সালে সড়কটি তৈরি করা হয়। বর্তমানে কটিয়াদী ও কিশোরগঞ্জ সদরবাসীর বাইপাস সড়ক হিসেবে এটি ব্যবহার হচ্ছে। সড়কের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবন্ধকতাও।শিবপুর প্রকৌশল অফিস সূত্র জানায়, এই সড়কের প্রশস্ত হলো গড়ে ৫ দশমিক ৮৩ মিটার, যা কখনোই বড় যান চলাচলের জন্য উপযোগী নয়। কিন্তু প্রতিনিয়ত বড় বড় যান চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে বলে জানান সওজের কর্মকর্তারা।সড়কটি সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে মনোহরদী পরিবহন (প্রা.) লিমিটেডের চালক মো. মোস্তফা মিয়া বলেন, ‘ভাই, কী আর কমু। গাতা আর গাতা (গর্ত)। একেকটা গাতা যেন একেকটা পুকুর। গাতার মধ্যে পইড়া গাড়ির বারোটা বাজে। চাকা ফাইটা যায়। স্প্রিং বাতি, ওয়ান এক্সেল ভাইঙ্গা যায়, হেডলাইট কাইটা যায়। আর সবচেয়ে বড় সমস্যা হইল গাড়ি ধইরা রাখা যায় না। মনে অয়, এই বুঝি গাড়ি উল্টায়া যাইতাছে। এই রাস্তা দিয়া গাড়ি টানার সময় ব্রেইনে চাপ পড়ে।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ডের পর থেকে বেশির ভাগ জায়গায় কার্পেটিং নেই বললেই চলে। পাশাপাশি রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।শিবপুর বাস, ট্রাক, মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ইটাখোলা-মঠখোলা সড়কে আমাদের প্রায় ২৫০টি যানবাহন চলাচল করে। যে গাড়ি ভালোভাবে পাঁচ বছর চালানো যায়, ওই সড়ক দিয়ে এই গাড়ি চললে তিন বছরের বেশি চালানো যায় না। এ অবস্থার দ্রুত পরিবর্তন না আনলে আমরা যেকোনো সময় যান চলাচলে ধর্মঘট দিতে বাধ্য হব।’নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘মেরামতের জন্য আমাদের প্রয়োজন ১৩ কোটি টাকা। কিন্তু আমরা ৫০ লাখ টাকার বেশি বরাদ্দ পাই না। সে কারণে সমস্যা সমাধান করা যাচ্ছে না। তবে আশা করছি, কিছুদিনের মধ্যে বরাদ্দ পেয়ে যাব।’