ছয় মাস ১৯ দিন ঢাকায় চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাতুরিয়া গ্রামের বাড়িতে পৌঁছেছে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন।সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন-২ লঞ্চে করে ঝালকাঠি লঞ্চঘাটে পৌঁছায় লিমন ও তার মা হেনোয়ারা বেগম। সঙ্গে ছিলেন আইন ও সালিশ (আসক) কেন্দ্রের উপপরিচালক (তদন্ত) মোহাম্মদ টিপু সুলতান ও তদন্ত কর্মকর্তা অনির্বাণ সাহা। একটি ভাড়া করা মাইক্রোবাসে আসকের প্রতিনিধিরা লিমনকে নিয়ে যান প্রথমে রাজাপুর থানায়। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেনের সঙ্গে লিমনের নিরাপত্তা নিয়ে কথা বলেন আসকের কর্মকর্তারা।এ সময় ওসি তোফাজ্জেল বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। লিমনকেও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।সকাল সাড়ে নয়টার দিকে লিমনকে বহনকারী মাইক্রোবাসটি তাদের বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে ইঁদুরবাড়ি সেতুতে থামে। খবর পেয়ে লিমনের আত্মীয়স্বজন সেখানে ভিড় জমায়। একটি সুস্থ ও একটি কৃত্রিম পা নিয়ে প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা হেঁটে লিমন পৌঁছায় বাড়িতে। লিমনকে দেখতে ছুটে আসে গ্রামের লোকজন, অনেক সহপাঠী।লিমনের দাদা আবদুল আজিজ (৭৫) বলেন, ‘ও যে আবার হাইট্টা বাড়ি আইবে, হেয়া বুঝি নাই। গুলি খাওয়ার আগে লিমন প্রতিদিন ওর মায়ের লগে মাঠে গরু-বাছুর আনতে যাইত। ওর মা বড় গরু দুইডা লইয়া আইত, বাছুর দাবড়াইয়া (দৌড়ে) ধরত লিমন। নকল পায়ে কোনো রকম হাঁটতে পারলেও ও আর কোনো দিন দৌড়াইয়া বাছুর ধরতে পারবে না।’গ্রামবাসীর উদ্দেশে লিমন বলে, ‘এখন আমার একটাই কাজ, লেখাপড়া করা। গ্রামে ফেরার আমার একটাই উদ্দেশ্য, লেখাপড়া করে আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া।’লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘র্যাবের সোর্স হিসেবে পরিচিত সন্ত্রাসীরা যাতে লিমনের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য আমি পুলিশসহ সবার সহযোগিতা চাই।’বেলা সাড়ে ১১টার দিকে আসকের কর্মকর্তারা ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশ সুপার আসকের কর্মকর্তাদের বলেন, ‘লিমনের বিষয়টি অত্যন্ত আলোচিত ও গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে সতর্ক থাকতে রাজাপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছি।’গত ২৩ মার্চ সাতুরিয়া গ্রামে বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন। এ ঘটনায় বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে আরেকটি মামলা করেন।