‘এখন কীভাবে মেয়ের বিয়ে দেব’
এক যুগ ধরে পোশাক কারখানায় চাকরি করে মেয়ের বিয়ের জন্য এক লাখ ২০ হাজার টাকা জমিয়েছিলেন আয়েশা বেগম। ১৫ এপ্রিল মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক থেকে তুলে এনে সেই টাকা রাখেন ঘরে। মাত্র আধা ঘণ্টার আগুনে পুড়ে গেল আয়েশার এক যুগের স্বপ্ন। গতকাল নগরের কোতোয়ালি থানার চট্টগ্রাম রেলস্টেশনসংলগ্ন বাস্তুহারা কলোনিতে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট ওই আগুনে নয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ওই আগুনে পুড়েছে আয়েশা বেগমের (৩৪) জমানো সব টাকাও। গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া কিছু টাকা হাতে নিয়ে বিলাপ করছেন আয়েশা। তিনি প্রথম আলোকে বলেন, ‘১২ বছর আগে স্বামীর মৃত্যুর পর কুমিল্লা থেকে চট্টগ্রামে আসি। একটা পোশাক কারখানায় কাজ নিই। আমার বেতনে এক ছেলে ও এক মেয়ের সব খরচ চলে। অনেক কষ্টে মেয়ের বিয়ের জন্য এই টাকা জমিয়েছিলাম। জিপিওতে টাকা রেখেছিলাম। অনেক কষ্টে শনিবার টাকা তুলি। আজ (রোববার) রাতেই আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল। আমার সারা জীবনের সব সঞ্চয় পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কীভাবে মেয়ের বিয়ে দেব?’ আয়েশা জানান, ঘরে টাকা রেখে প্রতিদিনের মতো তিনি গতকাল সকালেও কর্মস্থলে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী মুঠোফোনে তাঁকে আগুন লাগার কথা জানান। বাস্তুহারা কমিটির সাধারণ সম্পাদক মো. আলী প্রথম আলোকে বলেন, আগুনে আয়েশার এক লাখ ২০ হাজার টাকা, বৈদ্যুতিক মিস্ত্রী মনিরের ৭০ হাজার টাকা ও কামালের ২০ হাজার টাকা পুড়ে গেছে।