'এখন দেখছি পরে কিনব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুমচৌধুরী শিল্পীর একান্ত জীবনকথা সৈয়দ আজিজুল হক
কাইয়ুমচৌধুরী শিল্পীর একান্ত জীবনকথা সৈয়দ আজিজুল হক

বেলা তিনটায় অমর একুশে গ্রন্থমেলার দ্বার খোলে। তবে বেলা দুইটার পর থেকেই মেলায় ঘুরতে আসা অনেকের দেখা মেলে। এদের অনেকেই স্কুল-কলেজের পোশাকে। দল বেঁধে আসে। গতকাল বুধবার মেলার শুরুতে এমন অনেক কিশোর-কিশোরীর দেখা মিলল।
বিক্রি-বাট্টা এখনো কম। তবু তরুণ পাঠকদের আগমনে খুশি প্রকাশকেরা। মেলার কেটেছে মাত্র তিন দিন। কোনোবারই এমন সময়ে বিক্রি তেমন একটা হয় না। শুক্রবার মেলা পাবে তার পূর্ণ যৌবন—এমনটিই আশা প্রকাশকদের।

উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন-সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন-সিরাজুল ইসলাম চৌধুরী

বেলা তিনটায় সতর্ক পুলিশি চাহনি আর আর্চওয়ের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় ঢোকা শুরু হয়। ব্যাগ কাঁধে এলে সেটা খুলে নিরাপত্তাকর্মীকে দেখিয়ে তবেই মেলায় ঢোকা যায়। তবে এ নিয়ে আপত্তি ছিল না দর্শনার্থীদের। বিশ্ববিদ্যালয় এলাকার একটি কলেজের শিক্ষার্থী শারমিন জাহান আরও পাঁচ সহপাঠীর সঙ্গে মেলায় এসেছেন। তাঁদের সবার কাঁধে ব্যাগ, পরনে কলেজের পোশাক। শারমিন বললেন, ‘এত নিরাপত্তার ব্যবস্থা, তা তো আমাদের জন্যই। আশা করব, এমন কঠোর ব্যবস্থা মেলার শেষ দিন পর্যন্ত চলবে।’ বই কিনলেন?—প্রশ্ন শুনে জবাব দিলেন দলের অন্য সদস্য প্রজ্ঞা পারমিতা। ‘আমরা এখন দেখছি, পরে কিনব।’
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দল বেঁধে মেলায় আসাটাকে প্রকাশনাশিল্পের জন্য ইতিবাচক মনে করছেন প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোক্তা সৈয়দ জাকির হোসাইন। তিনি বলেন, এরা হয়তো এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একসময় এরা বইয়ের প্রতি, পড়ার প্রতি আগ্রহী হবে। তৈরি হবে নতুন নতুন পাঠক। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন যদি স্কুল-কলেজ থেকে ছুটি শেষে শিক্ষার্থীদের মেলায় নিয়ে আসে নিজেদের উদ্যোগে, তাহলে একদিন প্রকাশনাশিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে, একই সঙ্গে আগামী প্রজন্মের মননজগৎ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন খারাপ করে দেওয়া স্টলটি: মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ঢুকে একটু এগোলোই চোখে পড়বে স্টলটি। জাগৃতি। ভেতরে কালো ব্যানারে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বিশাল প্রতিকৃতি। গতকাল বিকেলে জাগৃতি প্রকাশনীর স্টলের সামনে ছিল মানুষের ভিড়। সেখানে এসেছেন কিছুদিন আগে মৌলবাদীদের হামলায় নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। দেখামাত্র গণমাধ্যমকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘বাংলা একাডেমি বিদেশ থেকে এত লোক নিয়ে আসে, মূল মঞ্চে কত বুদ্ধিজীবী কত বক্তব্য দেন, অথচ তাঁদের কেউই দীপন-অভিজিৎ বা খুন হওয়া ছেলেদের সম্পর্কে কিছুই বলেন না।’ এবার বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলটি চালাচ্ছেন দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান। তিনি বলেন, ‘শুধু এই বইমেলায় নয়, আর কোনো বইমেলাতেই দীপন আসতে পারবে না। এটা যে কত কষ্টের, তা আপনাদের বোঝাতে পারব না।’

আলোয়–আঁধারে-রফিক আজাদ
আলোয়–আঁধারে-রফিক আজাদ

কবিতায় সারা বেলা: মেলার দ্বার না খুললেও গতকাল বাংলা একাডেমি চত্বর কবিতায় সচকিত হয়েছিল সকালেই। দুপুরে বিরতি দিয়ে সারা বেলা কবিতা নিয়েই কেটেছিল এর একটা অংশ। বাংলা একাডেমির হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কবিতা উৎসব। সকালে উৎসবের প্রথম অধিবেশন হয় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এতে বাংলা কবিতার অতীত ও সাম্প্রতিক ধারা বিষয়ে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা। জীবনানন্দ দাশের কবিতা অনুবাদের অভিজ্ঞতা বর্ণনা করেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ গবেষক জো উইন্টার। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সঞ্চালনা করেন কবি আসাদ চৌধুরী ও কবি-অনুবাদক কায়সার হক।
কবিতাপাঠে অংশ নেন সুইডেনের কবি বেন্ড বার্গ; স্লোভাকিয়ার মিলান রিচার; মরক্কোর বেনাইসা বোমালা; নরওয়ের এরলিং কিতেনসেন; তাইওয়ানের লি কুই-শিন, লিন ফো-অর, লি রিও-ইয়াং, ড. ফাং ইয়া-চীন, তাই চিন-চো, চিন জিউ-জেন; নেপালের বিধান আচার্য, চেট নাথ ক্যানেল প্রমুখ।

ছোট সবুজ মানুষ -ইমদাদুল হক মিলন
ছোট সবুজ মানুষ -ইমদাদুল হক মিলন

বিকেলে মেলার মূল মঞ্চে কবিতা উৎসবের দ্বিতীয় অধিবেশনে কবিতাপাঠে অংশ নেন দেশি-বিদেশি কবিরা। এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন হাবীবুল্লাহ সিরাজী। অধিবেশন সঞ্চালনা করেন কবি মুহাম্মদ সামাদ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সমন্বয় পরিষদের শিল্পীরা।
প্রথমা প্রকাশন এবারও আলোচনায়: সোহরাওয়ার্দী উদ্যানে মেলার উত্তর পাশে ২১৩ থেকে ২১৬ নম্বরের প্রথমা প্রকাশনের স্টলটি দূর থেকেই দর্শকের দৃষ্টি কাড়ে এর নান্দনিক নকশার কারণে। নানা বয়সী পাঠকের ভিড় এখানে সব সময় দেখা যায়। বাংলাদেশের চিত্রকলাজগতের প্রথম প্রজন্মের প্রধান শিল্পীদের একজন কাইয়ুম চৌধুরীকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা নামের বইটির লেখক সৈয়দ আজিজুল হক। এ প্রতিষ্ঠানের একজন কর্মী জানালেন, পাঠক এ বইতে কাইয়ুম চৌধুরীর শিল্পী হয়ে ওঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারবেন। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইগুলোও আগ্রহ নিয়ে খুঁজছেন পাঠক।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, বুধবার মেলায় নতুন বই এসেছে ৬৩টি।
মেলায় আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অবসর থেকে প্রকাশিত ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন, বেঙ্গল পাবলিকেশনস থেকে এসেছে সৈয়দ মনজুরুল ইসলামের লেখাজোখার কারখানাতে, সংকলনগ্রন্থ স্থপতি মাজহারুল ইসলাম, রফিক আজাদের আলোয়-আঁধারে, সময় থেকে এসেছে হাসান ফেরদৌসের একাত্তর, যেখানে থেকে শুরু, চারুলিপি থেকে আশরাফ সিদ্দিকীর বাংলাদেশের লোককাহিনী, অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের ছোট সবুজ মানুষ, অন্যপ্রকাশ থেকে নওশাদ জামিলের কবিতার বই ঢেউয়ের ভেতর দাবানল, পিয়াস মজিদের গল্পগ্রন্থ নগর ঢাকায় জনৈক জীবনানন্দ, অনিন্দ্য প্রকাশ এনেছে মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের নরসিংদীর স্থান নাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান ইত্যাদি।