রোদের তাপে রাজধানীবাসী ঘরের ভেতরেই টিকতে পারছে না। এ অবস্থায় জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক শ নার্স অবস্থান ধর্মঘট পালন করছেন। তাঁদের বেশির ভাগই নারী। কেউ কেউ সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন। হাতের কাছে যে কাগজ পাচ্ছেন, তা দিয়েই বাতাস করার চেষ্টা করছেন। এভাবেই পার হয়েছে নবম দিন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) এক দফা দাবি আদায়ের জন্য গত ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছে। এ দুই সংগঠনের সদস্য ২১ হাজারের বেশি। নার্সদের বিশাল একটি অংশ দিনরাত প্রেসক্লাবের সামনে অবস্থা করছেন। অনেকে কিছু সময়ের জন্য বাসায় গিয়ে আবার ফিরে আসছেন। তাঁদের দাবি, সরকারি কর্মকমিশনের প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দিতে হবে।
গতকাল মঙ্গলবার নার্সদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করার কথা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের। তবে পারিবারিক কারণে তিনি শেষ পর্যন্ত যেতে পারেননি।
বিডিবিএনএর মহাসচিব ফারুক হোসাইন ক্ষোভ ও আক্ষেপ নিয়ে বলেন, ‘সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাই নাই। এখন পর্যন্ত সরকারের কেউ আসেনি। সবাই স্বীকার করে, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু তারপর আর কিছু হয় না।’ ফারুক হোসাইন বলেন, ‘সরকারি চাকরির জন্য ১০ বছর ধরে অপেক্ষা করছি। আমার বয়স ৩৪। এখন বলা হচ্ছে, চাকরির জন্য আমাকে পরীক্ষা দিতে হবে। এতে করে আমার অধিকার ক্ষুণ্ন হয়েছে। কোনো নিয়মনীতি চালু করলে তা সময় নিয়ে করতে হবে। হুট করে তা করতে চাইলে তো হবে না।’
গত ২৮ মার্চ বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সের ৩ হাজার ৬১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নার্সদের পিএসসির পরীক্ষায় অংশ নিতে হবে। এ বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে নার্সদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং নার্সদের মতামতকে অগ্রাহ্য করেছে।
নার্সদের ব্যাচভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে আন্দোলনরত নার্সদের ওপর গত ৩০ মার্চ শাহবাগে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে আহত হন ২০ জন। এরপর প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ারও চেষ্টা চালিয়েছেন নার্সরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সরকারি পর্যায়ে ১০ হাজার নার্সের পদ সৃজনের ঘোষণা দেন। বর্তমান সরকারের আমলেই দুই ধাপে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সাড়ে ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে সংবাদ সম্মেলন করে আমরণ অনশন কর্মসূচি পালনসহ অন্যান্য কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানান নার্সরা।