‘এখনো ভালো মানুষ আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত দিয়ে ঘানি টানা ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঢাঙ্গীপুকুর গ্রামের বৃদ্ধা রেজিয়া বেগমের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। ঠাকুরগাঁও শহরের কয়েকজন ব্যক্তি গত সোমবার রেজিয়াকে একটি গরু ও আধা মণ সরিষা কিনে দিয়েছেন।গত ৩ মে প্রথম আলোতে ‘ঘানি টানার ৩৫ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে টিনের একটি ছাপড়া ঘরে থাকেন রেজিয়া। ছেলেমেয়েরা যে যাঁর মতো আলাদা থাকেন। ৬০ বছর বয়সেও তিনি নিজে তেলের ঘানি টানেন। প্রতিবেদনটি পড়ে প্রথম আলোর বহু পাঠক রেজিয়াকে সহায়তা করতে চেয়েছেন। কেউ কেউ তাঁকে গরু কেনার টাকা দিতে ও ঘরটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে রেজিয়ার নামে একটি ব্যাংক হিসাব (রেজিয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং-৮৩৫৯/৪২, সোনালী ব্যাংক, গড়েয়া শাখা, ঠাকুরগাঁও) খুলে দেওয়া হয়েছে।গরু পেয়ে রেজিয়া বলেন, ‘কয়েকজন মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে। তাঁরা একটা গরু আর কিছু সরিষা কিনে দেওয়ার কথা বলে চলে যায়। প্রথমে বিশ্বাস হয় না। এমন তো অনেকেই করে। পরে তাঁদের গরু নিয়ে আসতে দেখে মনে হয়, এখনো ভালো মানুষ আছে।’প্রতিবেদনটি প্রকাশের পর ঢাকা ও চট্টগ্রাম থেকে দুই ব্যক্তি রেজিয়ার জন্য যথাক্রমে ১০ ও ২০ হাজার টাকা করে পাঠান। ওই টাকা গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও গড়েয়া ইউপির চেয়ারম্যান সঞ্জয় চৌধুরীর উপস্থিতিতে রেজিয়ার হাতে তুলে দেওয়া হয়।