'এখানকার শ্রোতারা অনেক সমঝদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার বছর বয়সে বাবা নুরুল ইসলামের কাছে সংগীতের হাতেখড়ি। আসামের মেয়ে সাবিনা মমতাজ ইসলাম রহমান এক অর্থে সুরের হাত ধরেই বেড়ে উঠেছেন। কলকাতার আইসিটি সংগীত রিসার্চ অ্যাকাডেমিতে পণ্ডিত বিজয় কিচলুর তত্ত্বাবধানে তালিম নিয়েছেন সুনীল বসু ও বিদুষী শুভ্রা গুহের কাছ থেকে। ফৈয়াজ খাঁ ও বেলায়েত খাঁর মতো কিংবদন্তি শিল্পী যে ঘরনায় গান করেন সাবিনাও সেই আগ্রা ঘরানাকে বেছে নিয়েছেন। ভারতের হাতে গোনা কয়েকজন নারী শিল্পী এই ঘরনায় গান করেন। এই গুণী শিল্পী সম্প্রতি দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে এলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলকি মিলনায়তনে আয়োজন করা হয় তাঁর একক সংগীতের আসর। আসরের এক ফাঁকে প্রথম আলোর মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় উঠে আসে তাঁর সংগীত চর্চার বিভিন্ন দিক। সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ মুনির।

প্রথম আলো: আসামের মেয়ে আপনি। অসমিয়া না বাঙালি?
সাবিনা: অসমিয়া। কিন্তু এখন বিয়ের সূত্রে বাঙালি হয়েছি।
প্রথম আলো: আসামে উচ্চাঙ্গসংগীতের চর্চা সম্পর্কে বলুন।
সাবিনা: আগে তেমন হতো না। এখন অনেকেই এই ধারায় আসছেন। কলকতায় শেখার সুযোগ থাকায় আসামের অনেকেই কলকাতায় এসে তালিম নিচ্ছেন। ভারতের অনেক বড় শিল্পীই এখন কলকাতায় বসবাস করেন। তাই এই ধারায় নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে।
প্রথম আলো: আগ্রা ঘরানায় নারী শিল্পী তেমন নেই। এই ধারায় কেন এলেন?
সাবিনা: মূলত আমার গুরু সুনীল বসু আর বিদুষী শুভ্রাগুহের অনুপ্রেরণায় এই ধারায় এসেছি। তাঁরা দুজনই আগ্রা ঘরানার শিল্পী। শুভ্রা গুহ এ ধারার বন্দিশে খানিকটা মেলোডি যোগ করেছেন।
প্রথম আলো: বাংলাদেশে এ নিয়ে বেশ কয়েকবার এসেছেন। গত নভেম্বরে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীতের আসরে এসেছিলেন। কেমন লাগল এখানকার শ্রোতাদের?
সাবিনা: হ্যাঁ, তখন আমি ঢাকায় ছিলাম। সপ্তাহজুড়ে টানা উচ্চাঙ্গসংগীতের আসর চলেছে। স্টেডিয়ামভর্তি দর্শক রাত জেগে উপভোগও করেছেন। সব মিলিয়ে এমন আসর ভারতেও খুব একটা হয় না। কলকাতার ডোভার লেন আর আইসিটি সংগীত ভবনে এমন আসর হয়। কিন্তু এখানে দর্শকের অংশগ্রহণ দেখে ভালো লেগেছে। খুব অনুপ্রাণিত বোধ করেছি।
প্রথম আলো: চট্টগ্রামে এবার অনুষ্ঠান করলেন। এখানকার অনেকে আপনার কাছ থেকে তালিমও নিচ্ছেন। চট্টগ্রামের শিল্পীদের সম্পর্কে বলুন।
সাবিনা: এখানে উচ্চাঙ্গসংগীত চর্চার দীর্ঘ রেওয়াজ আছে। ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়ার মতো সংগীত শিক্ষক ছিলেন। শ্রোতারও খুব সমঝদার, শিক্ষিত। উচ্চাঙ্গসংগীতের আসরে এখানে এত শ্রোতা হয়, দেখে খুব ভালো লেগেছে।
প্রথম আলো: ভারত-বাংলাদেশ অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। ভারতের অনেক গুণী শিল্পী এ দেশেই জন্মেছেন। কিন্তু বাংলাদেশের তুলনায় ভারতে বড় মাপের শিল্পীর সংখ্যা অনেক বেশি। এটা কেন?
সাবিনা: ওস্তাদ আলাউদ্দীন খানের মতো অনেক সংগীতগুরুর জন্মস্থান বাংলাদেশ। ভারতে তাঁরা সম্মান পেয়েছেন, পৃষ্ঠপোষকতা পেয়েছেন। সেখানে একটা দীর্ঘ সময়ের চর্চার পরিবেশও ছিল। তবে এখন এ দেশেও প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তৈরি হচ্ছে। এ দেশ থেকেও শিল্পীরা উঠে আসছেন।
প্রথম আলো: উচ্চাঙ্গসংগীতের শুদ্ধতা রক্ষার বিষয়টা কী চোখে দেখেন? ফিউশনে কি শুদ্ধতা নষ্ট হয়? কিছুদিন আগে পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রশীদ খান রবীন্দ্রসংগীত নিয়ে এমন একটা কাজ করেছেন। কেমন লেগেছে আপনার?
সাবিনা: ফিউশন যদি মূল রাগের বিকৃতি না ঘটায় তবে চলতেই পারে। এমনকি প্রাচ্য-পাশ্চাত্য সংগীতের ফিউশন চলতে পারে। কিন্তু সেটা অবশ্যই শিল্পের রীতি মেনে করতে হবে।
প্রথম আলো: ওস্তার রশীদ খাঁর মতো অনেকেই এখন চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন। আপনাকে প্রস্তাব দেওয়া হলে করবেন?
সাবিনা: রশীদ খাঁর ওই গানটা—‘আওগে যব তুম সাজনা’ খুব ভালো লেগেছে। ঠুমরি ও টপ্পা ধাঁচের অনেক গান এখন চলচ্চিত্রে ব্যবহূত হচ্ছে। তেমন গান হলে অবশ্যই করব।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
সাবিনা: ধন্যবাদ।