'এখানে এলে গা শিউরে ওঠে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পেরিয়েছে কেবল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। স্বাধীনতার লাল সূর্য হাতে পেতে আর মাত্র দুই দিন বাকি। ঢাকার মিরপুরের সেনপাড়া, ডেমরা, কেরানীগঞ্জসহ ঢাকার চারদিকে চলে এসেছেন ৮০ হাজার কিংবা তারও বেশি মুক্তিযোদ্ধা। সিগন্যাল পেলেই ঝাঁপিয়ে পড়বেন আক্রমণে।

পেরে উঠবে না জেনেই উন্মাদ হয়ে উঠল পাকিস্তানি হায়েনা ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা। অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করল এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। তাঁদের লাশ ফেলে দেওয়া হয় এখানে-সেখানে। এভাবেই সৃষ্টি অনেক বধ্যভূমি। আর স্বাধীনতার জন্য বলি হওয়া অসংখ্য শহীদের স্মৃতি ধারণ করে আছে দেশের বধ্যভূমিগুলো। একাত্তরের ষোলই ডিসেম্বর প্রথম খোঁজ পাওয়া বধ্যভূমির নাম রায়েরবাজার বধ্যভূমি। রায়েরবাজার বধ্যভূমিতে সমবেত জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের কয়েক শ শিক্ষার্থীকে এভাবেই বধ্যভূমির কথা শোনান মুক্তিযোদ্ধা নূর-উন-নবী খান বীর বিক্রম।

আগত ব্যক্তিদের নূর-উন-নবী খান জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষক মুনীর চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, শিল্পী আলতাফ মাহমুদসহ বহু শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হত্যা করে আলবদর ও রাজাকাররা। তাঁদের সবাইকে হত্যার পর রায়েরবাজারের নিচু ডোবায় লাশ ফেলে দেয় ঘাতকেরা। এখানে ঢাকার অন্যান্য এলাকা থেকে হত্যা করা মৃতদেহ এনে ফেলত হানাদার বাহিনী।

কিসের তাড়নায় রায়েরবাজার বধ্যভূমিতে এসেছেন জানতে চাইলে মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিজয়ের দ্বারপ্রান্তে এসে পাকিস্তানি হায়েনারা যে মাটিতে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের অযত্নে মেরে ফেলে রেখেছিল, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। এখানে এলে অজানা এক অনুভূতিতে গা শিউরে ওঠে।’

জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থী আবু সুফিয়ান বলে, ‘রায়েরবাজার বধ্যভূমি সম্পর্কে এত দিন শুধু মা-বাবার কাছ থেকে শুনেছি। আজ নিজে দেখতে এলাম।’ সে আরও জানায়, পাকিস্তানিরা যখন বুঝতে পারল তারা হেরে যাচ্ছে, তখনই হত্যা করল জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

মায়ের সঙ্গে বধ্যভূমিতে এসেছে লামিয়া আক্তার। সে বলল, ‘এক জায়গায় লুকায়িত বাংলার হাজার বছরের সম্পদ। প্রাকৃতিক সম্পদের বড় সম্পদ দেশের বুদ্ধিজীবীরা। পাকিস্তানি বাহিনী আমাদের সঙ্গে যুদ্ধে না পেরে এভাবে জাতির বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে।’