‘এটা আবার কেমন স্টেশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী রেলস্টেশনে ট্রেনের খবর জানার জন্য কোনো টেলিফোন নেই। এর ফলে যাত্রীদের ট্রেনের খবর জানাতে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে হয়।সালদা নদী রেলস্টেশন সূত্রে জানা গেছে, সালদা নদী দিয়ে মালামাল আনা-নেওয়ার জন্য বুকিংয়ের সুবিধার্থে প্রায় ১৫০ বছর আগে এ স্টেশনটি স্থাপন করা হয়েছিল। তাই স্টেশনটি ডি শ্রেণীর ছিল। পরবর্তী সময়ে জনগণের দাবির ফলে প্রথমে লোকাল ট্রেন ও বর্তমানে মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করে। ৩০ বছর ধরে ট্রেন যাত্রাবিরতি করলেও আজ পর্যন্ত একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়নি। টেলিফোন না থাকায় ট্রেন বিলম্বে আসা, যাত্রা বাতিল করা ও বিভিন্ন স্টেশনে যোগাযোগের প্রয়োজন দেখা দিলেও তা সম্ভব হয় না।স্টেশনে কথা হলে গৃহবধূ শাহনাজ বেগম বলেন, ‘ট্রেনের অবস্থান জানতে চাইলে কর্তব্যরত কর্মচারী জানান, স্টেশনে টেলিফোন নেই। তাই ট্রেনের অবস্থান জানাতে পারবেন না। আপনি বলুন তো, টেলিফোন নেই যে স্টেশনে এটা আবার কেমন স্টেশন।’ স্টেশনের বুকিং সহকারী ইনচার্জ পিয়ার আহমেদ বলেন, ‘এই স্টেশনে টেলিফোনের সুবিধা না থাকায় যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়।’