শিক্ষাঙ্গনের সাম্প্রতিক ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, ‘এটা কোনো ব্যাপার না, এমন ঘটতেই পারে।’ গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তিন মন্ত্রণালয়ের এক সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুসহ সারা দেশে কলেজে ভর্তির ক্ষেত্রে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকার কী ভাবছে, জানতে চাইলে সাহারা খাতুন বলেন, ‘সব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি সেটিই বড় বিষয়।’" বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সমন্বয় বৈঠক করে। এতে আইনমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন। শিক্ষাঙ্গনে সহিংসতা দমনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—সাংবাদিকেরা বৈঠক শেষে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই নেওয়া হচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ভর্তিবাণিজ্য যা-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।