'এটা খুশির কান্না'
বেলা সাড়ে তিনটা। বৃহস্পতিবার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে বসে আছেন ফাতেমা বেগম। তাঁর ছোট ভাই নাছির এক মাস ধরে কারাগারে। তিনি জানান, মা নেই। বাবা ও ভাইকে নিয়ে ঈদ করবেন। মুক্তির পর ভাইকে জড়িয়ে কাঁদতে থাকেন তিনি। চোখ মুছতে মুছতে বলেন, ‘এটা খুশির কান্না। ভাইকে নিয়ে ঈদ করতে পারব তাই।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করবেন, সেই আশায় কারাগারে আটক বেশির ভাগ বন্দী জামিনের আবেদন করেছেন। চার দিন ধরে জামিনে মুক্তি পেয়েছেন অনেক বন্দী। সপ্তাহ খানেক আগে ৫০ থেকে ৬০ জন বন্দী মুক্তি পেলেও এখন ১৫০ থেকে ১৬০ জন বন্দী মুক্তি পাচ্ছেন। তবে কোনো শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি জামিন পাননি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে জামিনের আবেদন বেড়ে যায় আদালতে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, জামিনের আবেদন করা আসামির অধিকার। দেওয়া না-দেওয়া আদালতের এখতিয়ার। তবে চুরি, ছিনতাই, ডাকাতি, জাল টাকার মামলার আসামি ও বড় কোনো সন্ত্রাসীর জামিনের আবেদন নাকচ করছেন আদালত।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন গতকাল বিকেলে জানান, গত রোববার কারাগার থেকে জামিনে মুক্তি পান ৫৮ বন্দী। পরদিন সোমবার ১৭৭ জন, মঙ্গলবার ১৮২, বুধবার ১৫৮ জন মুক্তি পান। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কারাগারে ১৬০টি জামিননামা এসেছে। এগুলো যাচাই-বাছাই করে ৬০ থেকে ৭০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের শুক্রবার সকালে মুক্তি দেওয়া হবে।